পরে এহুদার লোকেরা এসে সেই স্থানে দাউদকে এহুদার কুলের উপরে বাদশাহ্র পদে অভিষেক করলো। পরে লোকে দাউদকে এই সংবাদ দিল যে, যাবেশ-গিলিয়দের লোকেরা তালুতের লাশ দাফন করেছে।
তখন দাউদ যাবেশ-গিলিয়দের লোকদের কাছে দূতদের প্রেরণ করে বললেন, তোমরা মাবুদের দোয়ার পাত্র, কেননা তোমরা তোমাদের মালিকের প্রতি, তালুতের প্রতি রহম করেছ, তাঁকে দাফন করেছ।
অতএব এখন তোমাদের হাত সবল হোক ও তোমরা বিক্রমশালী হও, কেননা তোমাদের মালিক তালুত ইন্তেকাল করেছেন, আর এহুদার কুল তাদের নিজেদের উপরে আমাকে বাদশাহ্র পদে অভিষিক্ত করেছে।
তখন সরূয়ার পুত্র যোয়াব ও দাউদের গোলামরাও বের হলেন, আর গিবিয়োনের পুস্করিণীর কাছে তাঁরা পরস্পর সম্মুখা-সম্মুখী হলেন, এক দল পুস্করিণীর এপারে, অন্য দল পুস্করিণীর ওপারে বসলো।
যোয়াব বললেন, ওরা উঠুক। অতএব লোকেরা সংখ্যা অনুসারে উঠে অগ্রসর হল; তালুতের পুত্র ঈশ্-বোশতের ও বিন্ইয়ামীনের পক্ষে বারো জন এবং দাউদের গোলামদের মধ্যে বারো জন।
আর তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিযোদ্ধার মাথা ধরে কুক্ষিদেশে তলোয়ার বিদ্ধ করে সকলে এক সঙ্গে মারা পড়লো। এজন্য সেই স্থানের নাম হিলকৎ-হৎসূরীম [ছুরিকা-ভূমি] হল; তা গিবিয়োনে আছে।
অব্নের তাঁকে বললেন, তুমি ডানে বা বামে ফিরে এই যুবকদের কোন এক জনকে ধরে তার সাজ-পোশাক গ্রহণ কর। কিন্তু অসাহেল তাঁর পিছনে তাড়া করা থেকে ফিরে যেতে সম্মত হলেন না।
তবুও তিনি ফিরতে সম্মত হলেন না; অতএব অব্নের বর্শার গোড়া তাঁর উদরে এমনভাবে বিদ্ধ করলেন, যে বর্শা তাঁর পৃষ্ঠদেশ দিয়ে বের হল; তাতে তিনি সেখানে পড়ে গেলেন, সেই স্থানেই মারা গলেন এবং যত লোক অসাহেলের পতন ও মরণ স্থানে উপস্থিত হল, সকলেই দাঁড়িয়ে রইলো।
কিন্তু যোয়াব ও অবীশয় অব্নেরের পিছনে পিছনে তাড়া করে গেলেন; সূর্যাস্ত-কালে গিবিয়োন মরুভূমিগামী পথের নিকটবর্তী গীহের সম্মুখস্থ অম্মা পাহাড়ের কাছে উপস্থিত হলেন।
তখন অব্নের যোয়াবকে ডেকে বললেন, তলোয়ার কি চিরকাল গ্রাস করবে? অবশেষে তিক্ততা হবে, এই কথা কি জান না? অতএব তুমি তোমার ভাইদের পিছনে তাড়া করা বন্ধ করতে তোমার লোকদের কত কাল হুকুম না দিয়ে থাকবে?