তিনি ইস্রায়েলের রাজাদের মতই চলতেন; এমন কি, সদাপ্রভু যে সব জাতিকে ইস্রায়েলীয়দের সামনে থেকে দূর করে দিয়েছিলেন তাদের জঘন্য কাজের মতই তিনিও তাঁর ছেলেকে আগুনে পুড়িয়ে উৎসর্গ করলেন।
অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আহস সুদ্ধ শহরটা ঘেরাও করলেন, কিন্তু আহসকে হারিয়ে দিতে পারলেন না।
এই সময় অরামের রাজা রৎসীন এলৎ শহর থেকে যিহূদার লোকদের তাড়িয়ে দিয়ে সেটা আবার অরামের অধীনে নিয়ে আসলেন। তারপর ইদোমীয়েরা এলতে গিয়ে বাস করতে শুরু করল। এখনও তারা সেখানেই বাস করছে।
পরে আহস আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের কাছে এই কথা বলতে লোক পাঠিয়ে দিলেন, “আমি আপনার দাস ও আপনার পুত্র। আপনি এসে অরামের রাজা ও ইস্রায়েলের রাজার হাত থেকে আমাকে রক্ষা করুন। তারা আমাকে আক্রমণ করেছে।”
তখন রাজা আহস দামেস্কে আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের সংগে দেখা করতে গেলেন। তিনি সেখানকার বেদীটা দেখে তাঁর নকশা ও সেটা তৈরী করবার পুরো পরিকল্পনা পুরোহিত ঊরিয়ের কাছে পাঠিয়ে দিলেন।
রাজা আহস তারপর পুরোহিত ঊরিয়কে এই সব আদেশ দিলেন, “ঐ বড় বেদীটার উপর সকালবেলার পোড়ানো-উৎসর্গ ও বিকালবেলার শস্য-উৎসর্গের অনুষ্ঠান করবেন। এছাড়া তার উপর রাজার পোড়ানো-উৎসর্গ ও শস্য-উৎসর্গ এবং দেশের সব লোকদের পোড়ানো-উৎসর্গ ও তাদের শস্য-উৎসর্গ আর ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করবেন। সমস্ত পোড়ানো-উৎসর্গ ও অন্যান্য পশু-উৎসর্গের রক্ত আপনি সেই বেদীর উপর ছিটিয়ে দেবেন। কিন্তু ঈশ্বরের নির্দেশ পাওয়ার জন্য আমি ঐ ব্রোঞ্জের বেদীটা ব্যবহার করব।”
রাজা আহস গামলা বসাবার ব্রোঞ্জের আসনগুলোর পাশের সব পাত খুলে ফেললেন এবং সেখান থেকে গামলাগুলো সরিয়ে ফেললেন। ব্রোঞ্জের গরুগুলোর উপর যে বিরাট পাত্রটা বসানো ছিল সেটা তিনি সরিয়ে নিয়ে একটা পাথরের ভিত্তির উপরে বসালেন।
সদাপ্রভুর ঘরে বিশ্রামবারের উদ্দেশে যে চাঁদোয়া তৈরী করা হয়েছিল আসিরিয়ার রাজার ভয়ে আহস সেটা খুলে সরিয়ে রাখলেন এবং সদাপ্রভুর ঘরের বাইরের দিকে রাজার ঢুকবার জন্য যে বিশেষ পথ তৈরী করা হয়েছিল তাও সরিয়ে রাখলেন।