তিনিও পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণ্য কাজ করতেন কিন্তু তাঁর পিতা অথবা মাতা ইষেবলের মত অতো খারাপ ছিলেন না। তিনি তাঁর পিতার প্রতিষ্ঠিত উপাস্য দেবতা বেলদেবের সমস্ত প্রতিমা ধ্বংস করেছিলেন।
যিহুদীয়ার রাজা যিহোশাফটের কাছে দূত মারফৎ প্রস্তাব পাঠালেন, মোয়াবের রাজা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আপনি কি আমার সঙ্গে মোয়াবের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবেন? যিহোশাফট বলে পাঠালেন, নিশ্চয়ই! কারণ আমি আমার লোকজন ও অশ্বাবাহিনীসহ আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
পরিকল্পনা মত রাজা যোরাম এবং যিহুদীয়া ও ইদোমরাজ একসাথে অভিযানে বার হলেন। সাতদিন পথ চলার পর তাঁদের জলাভাব দেখা দিল। সৈন্য অথবা পশু কারো জন্যই জল রইল না।
রাজা যিহোশাফট জিজ্ঞাসা করলেন, এখানে কি কোন নবী আছেন, যাঁর মাধ্যমে আমরা প্রভু পরমেশ্বরের ইচ্ছা জানতে পারব? যোরামের সৈন্যবাহিনীর একজন পদস্থ কর্মচারী বলল, যাফতের পুত্র ইলিশায় এখানে আছেন। তিনি এলিয়র সেবক ছিলেন।
ইলিশায় ইসরায়েলরাজকে বললেন, কেন আমি আপনাকে সাহায্য করব? যান সেই সব নবীদের কাছে, যারা আপনার বাবা-মাকে পরামর্শ দিত । যোরাম বললেন, না, যাব না। প্রভু পরমেশ্বরই আমাদের এই তিন রাজাকে মোয়াবরাজের হাতে তুলে দিয়েছেন।
ইলিশায় বললেন, আমি যাঁর সেবক, সেই সদাজাগ্রত প্রভুর নামে শপথ করে আমি বলছি, আপনার মিত্রপক্ষ যিহুদীয়ারাজ যিহোশাফটের প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকত, তাহলে আমি আপনার দিকে ফিরেও তাকাতাম না।
আপনি তাদের সমস্ত সুন্দর সুন্দর দুর্গ-নগর জয় করবেন। তাদের সমস্ত ফলের গাছ কেটে ফেলবেন, জলের ফোয়ারা বুঁজিয়ে দেবেন এবং তাদের সমস্ত উর্বরা জমিতে পাথর ছড়িয়ে নষ্ট করে দেবেন।
মোয়াবীরা যখন শুনল যে তিনজন রাজা তাদের আক্রমণ করতে এসেছেন, তখন তাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারে, এমন যুবক-বৃদ্ধ সকলকে তারা ডেকে আনল। তারা সীমান্তে এসে মোতায়েন হল।
তাদের নগরগুলি ধ্বংস করল। যাবার পথে তাদের উর্বর জমিতে পাথর ছড়িয়ে ঢেকে দিল। জলের ফোয়ারাগুলি বুঁজিয়ে দিল, ফলের গাছগুলো সব কেটে ফেলল। বাকী রইল শুধু তাদের রাজধানী কীর হারাসৎ। ফিঙেধারীরা এবার এই রাজধানীটা ঘিরে ফেলে আক্রমণ করল।
মোয়াবরাজ যখন বুঝলেন যে তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন তখন সাতশো অসিধারী সৈন্য নিয়ে শত্রুসৈন্য ভেদ করে সিরিয়ার রাজার কাছে পালিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন।
তখন তিনি তাঁর উত্তরাধিকারী জ্যেষ্ঠ পুত্রকে নগর প্রাচীরের উপরে নিয়ে গিয়ে মোয়াবের দেবতার উদ্দেশে বলিদান করলেন। ইসরায়েলীরা এই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেল এবং নগরের অবরোধ তুলে নিয়ে নিজেদের দেশে ফিরে গেল।