সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন, তবে তিনি তাঁর বাবা-মায়ের মত ছিলেন না। তাঁর বাবা বাল দেবতার পূজার জন্য যে পাথর দাঁড় করিয়েছিলেন তা তিনি দূর করে দিয়েছিলেন।
এছাড়া যিহূদার রাজা যিহোশাফটকেও তিনি এই খবর পাঠালেন, “মোয়াবের রাজা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আপনি কি আমার সংগে মোয়াবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন?” উত্তরে তিনি বললেন, “আমি আপনার সংগে যাব। আমিও যা আপনিও তা, আমার লোক আপনারই লোক, আমার ঘোড়া আপনারই ঘোড়া।”
তখন যিহূদার রাজা ও ইদোমের রাজার সংগে ইস্রায়েলের রাজা বের হয়ে পড়লেন। তাঁরা সাত দিন ধরে ঘুরপথে চললেন। তখন সৈন্যদলের জন্য কিম্বা তাদের সংগেকার পশুগুলোর জন্য কোন জল ছিল না।
যিহোশাফট বললেন, “এখানে কি সদাপ্রভুর কোন নবী নেই যাঁর মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে পারি?” ইস্রায়েলের রাজার একজন কর্মচারী উত্তরে বলল, “শাফটের ছেলে ইলীশায় এখানে আছেন। তিনি এলিয়ের সেবাকারী ছিলেন।”
ইলীশায় ইস্রায়েলের রাজাকে বললেন, “আপনার সংগে আমার সম্বন্ধ কি? আপনি আপনার বাবা অথবা মায়ের নবীদের কাছে যান।” উত্তরে ইস্রায়েলের রাজা বললেন, “না, যাব না, কারণ মোয়াবের হাতে তুলে দেবার জন্য ঈশ্বরই আমাদের তিন রাজাকে ডেকে একত্র করেছেন।”
ইলীশায় বললেন, “আমি যাঁর সেবা করি সেই সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভুর দিব্য যে, যিহূদার রাজা যিহোশাফট যদি এখানে না থাকতেন তবে আমি আপনার দিকে চেয়েও দেখতাম না, খেয়ালও করতাম না।
ইলীশায় বললেন, “সদাপ্রভু আপনাদের এই উপত্যকায় অনেক খাদ তৈরী করতে বলছেন, কারণ আপনারা বাতাস কিম্বা বৃষ্টি দেখতে না পেলেও এই উপত্যকা জলে ভরে যাবে আর আপনারা জল খেতে পাবেন এবং আপনাদের গরুভেড়া ও অন্যান্য পশুও জল খেতে পাবে।
দেয়াল-ঘেরা প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা বড় গ্রাম আপনারা ধ্বংস করে দেবেন। প্রত্যেকটা ভাল গাছ আপনারা কেটে ফেলবেন, জলের সমস্ত ফোয়ারাগুলো বন্ধ করে দেবেন এবং সব ভাল ভাল ক্ষেত পাথর দিয়ে নষ্ট করে দেবেন।”
এর মধ্যে মোয়াবীয়েরা শুনেছিল যে, সেই তিনজন রাজা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন। কাজেই অস্ত্র ধরতে পারে এমন সব ছেলে-বুড়ো সবাইকে ডেকে এনে দেশের সীমানায় দাঁড় করানো হল।
কিন্তু যখন মোয়াবীয়েরা ইস্রায়েলের ছাউনির কাছে গেল তখন ইস্রায়েলীয়েরা বের হয়ে তাদের আক্রমণ করল আর মোয়াবীয়েরা তাদের সামনে থেকে পালিয়ে গেল। ইস্রায়েলীয়েরা মোয়াবীয়দের মারতে মারতে তাদের দেশে ঢুকে পড়ল।
তারা শহরগুলো ধ্বংস করে ফেলল আর প্রত্যেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে সমস্ত ভাল ক্ষেতগুলো ঢেকে ফেলল। তারা জলের সমস্ত ফোয়ারাগুলো বন্ধ করে দিল এবং ভাল ভাল গাছপালা সব কেটে ফেলল। কেবল মাত্র কীর্-হরাসত শহরটা তারা ধ্বংস করতে পারে নি, সেইজন্য ফিংগা হাতে সৈন্যেরা সেটা ঘেরাও করে আক্রমণ করল।
মোয়াবের রাজা যখন দেখলেন তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন তখন সৈন্যদলের মধ্য দিয়ে ইদোমের রাজার কাছে যাবার জন্য তাঁর সংগে সাতশো তলোয়ারধারীকে নিলেন, কিন্তু যেতে পারলেন না।
তখন তিনি তাঁর প্রথম ছেলে, যে তাঁর পরে রাজা হবে তাকে নিয়ে শহরের দেয়ালের উপরে বলি দিয়ে আগুনে পুড়িয়ে উৎসর্গ করলেন। ইস্রায়েলের উপর ভয়ংকর রাগ হল, তাই ইস্রায়েলীয়েরা সেখান থেকে চলে গিয়ে নিজেদের দেশে ফিরে গেল।