এদের মধ্য থেকে চব্বিশ হাজার জন সদাপ্রভুর ঘরের কাজের দেখাশোনা করবার জন্য নিযুক্ত হল আর ছয় হাজার জন হল কর্মকর্তা ও বিচারক এবং চার হাজার জন হল রক্ষী। দায়ূদ যে সব বাজনা তৈরী করিয়েছিলেন তা ব্যবহার করে সদাপ্রভুর প্রশংসা করবার জন্য বাকী চার হাজার লেবীয় নিযুক্ত হল।
অম্রামের ছেলেরা হল হারোণ ও মোশি। হারোণ ও তাঁর বংশধরদের চিরকালের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হল যেন তাঁরা মহাপবিত্র জিনিসগুলোর ভার নিতে পারেন, সদাপ্রভুর সামনে আগুনে করা উৎসর্গের অনুষ্ঠান করতে পারেন, তাঁর সামনে সেবা-কাজ করতে পারেন এবং তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করতে পারেন।
এঁরাই ছিলেন বংশ অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা। এঁদের বংশের লোকদের মধ্যে যাদের বয়স ছিল বিশ কিম্বা তার চেয়েও বেশী তাদের গণনা করে নাম লেখা হয়েছিল, আর তারাই ছিল সদাপ্রভুর ঘরের সেবাকারী।
এই লেবীয়দের কাজ ছিল সদাপ্রভুর ঘরের সেবা-কাজে হারোণের বংশধরদের সাহায্য করা। এর মধ্যে ছিল উপাসনা-ঘরের উঠান ও পাশের কামরাগুলোর দেখাশোনা করা, সমস্ত পবিত্র জিনিসগুলো শুচি করে নেওয়া এবং ঈশ্বরের ঘরের অন্যান্য কাজ করা।
তাদের উপরে এই সব জিনিসের ভার ছিল- সম্মুখ-রুটি, শস্য-উৎসর্গের ময়দা, খামিহীন রুটি, সেঁকা রুটি এবং তেল মেশানো ময়দা। এছাড়া তাদের উপর ভার ছিল সব কিছুর ওজন ও পরিমাণ দেখা,
প্রত্যেক দিন সকালে এবং বিকালে দাঁড়িয়ে সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা এবং বিশ্রামবারে, অমাবস্যার উৎসবে ও অন্যান্য নির্দিষ্ট পর্বে যখন সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হয় সেই সময়ও সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা। সদাপ্রভুর সামনে নিয়মিত ভাবে, তাঁর নির্দেশ অনুসারে এবং নির্দিষ্ট সংখ্যায় তাদের সেবা-কাজ করতে হত।