ইস্রায়েলের বড় ছেলে রূবেণ তার বাবার বিছানা অপবিত্র করেছিল বলে বড় ছেলের অধিকার হারিয়েছিল। সেই অধিকার ইস্রায়েলের অন্য ছেলে যোষেফের ছেলেদের দেওয়া হয়েছিল। তাই বংশ-তালিকায় তার স্থান বড় ছেলে হিসাবে লেখা হয় নি।
শিমিয়ির ছেলে মীখা, মীখার ছেলে রায়া, রায়ার ছেলে বাল এবং বালের ছেলে বেরা। বেরা ছিলেন রূবেণীয়দের নেতা। আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর তাঁকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন।
রূবেণ-গোষ্ঠীর তালিকা বংশ অনুসারে লেখা হয়েছিল। তাদের মধ্যে প্রধান ছিলেন যিয়ীয়েল, সখরিয় ও আসসের ছেলে বেলা। আসস ছিল শেমার ছেলে এবং শেমা ছিল যোয়েলের ছেলে। এরা অরোয়ের থেকে নবো ও বাল্-মিয়োন পর্যন্ত জায়গায় বাস করত।
গিলিয়দে তাদের পশুপালের সংখ্যা বেড়ে গিয়েছিল বলে পূর্ব দিকে মরু-এলাকা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত তারা দখল করে নিল। এই মরু-এলাকা ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকে ছিল।
শৌলের রাজত্বের সময় রূবেণীয়েরা হাগরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের মেরে ফেলেছিল। তারা গিলিয়দের পূর্ব দিকে, অর্থাৎ হাগরীয়দের সমস্ত জায়গা দখল করে নিয়ে সেখানে বাস করতে লাগল।
এরা ছিল হূরির ছেলে অবীহয়িলের বংশের লোক। হূরির বাবা ছিল যারোহ, যারোহের বাবা গিলিয়দ, গিলিয়দের বাবা মীখায়েল, মীখায়েলের বাবা যিশীশয়, যিশীশয়ের বাবা যহদো এবং যহদোর বাবা বূষ।
রূবেণ-গোষ্ঠীর, গাদ-গোষ্ঠীর, ও মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক থেকে চুয়াল্লিশ হাজার সাতশো ষাটজন শক্তিশালী লোক যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা ঢাল, তলোয়ার ও ধনুকের ব্যবহার জানত এবং যুদ্ধে বেশ দক্ষ ছিল।
এদের সংগে যুদ্ধ করবার সময় ঈশ্বর তাদের সাহায্য করেছিলেন। তিনি হাগরীয় ও তাদের পক্ষের সমস্ত লোকদের তাদের হাতে তুলে দিয়েছিলেন, কারণ যুদ্ধের সময় তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। তারা তাঁর উপর নির্ভর করেছিল বলে তিনি তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।
কিন্তু তাঁদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি তাঁরা বিশ্বস্ত রইলেন না। দেশের যে জাতিগুলোকে ঈশ্বর তাঁদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের দেব-দেবতাদের কাছে তাঁরা নিজেদের বিকিয়ে দিয়েছিলেন।
তখন ইস্রায়েলের ঈশ্বর আসিরিয়ার রাজা পূলের, অর্থাৎ তিগ্লৎ-পিলেষরের মন উত্তেজিত করে তুললেন। তিনি রূবেণীয়, গাদীয় ও মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে বন্দী করে হেলহ, হাবোর ও হারা এলাকায় এবং গোষণ নদীর ধারে নিয়ে গেলেন; আর আজও তারা সেখানেই আছে।