আর সোলায়মান টায়ারের বাদশাহ্ হূরমের কাছে লোক পাঠিয়ে বললেন, আপনি আমার পিতা দাউদের প্রতি যেরকম ব্যবহার করেছিলেন ও তাঁর বাসগৃহ নির্মাণ করার জন্য তাঁর কাছে যেমন এরস কাঠ পাঠিয়েছিলেন, তেমনি আমার জন্যও করুন।
দেখুন, আমি আমার আল্লাহ্ মাবুদের নামের উদ্দেশে একটি গৃহ নির্মাণ করতে উদ্যত হয়েছি; তাঁর সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাবার জন্য, নিত্য দর্শন-রুটির জন্য এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাবেলা, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের আল্লাহ্ মাবুদের সকল ঈদে পোড়ানো-কোরবানী জন্য তা পবিত্র করবো। এসব কাজ ইসরাইলের নিত্য কর্তব্য।
কিন্তু তাঁর জন্য গৃহ নির্মাণ করতে কে সমর্থ? কেননা বেহেশত এবং বেহেশতের বেহেশতও তাঁকে ধারণ করতে পারে না; তবে আমি কে যে, তাঁর উদ্দেশে গৃহ নির্মাণ করি? কেবল তাঁর সম্মুখে ধূপ জ্বালাবার স্থান নির্মাণ করতে পারি।
অতএব আমার পিতা দাউদ কর্তৃক নিযুক্ত যে জ্ঞানবান লোকেরা এহুদা ও জেরুশালেমে আমার কাছে আছে, তাদের সঙ্গে সোনা, রূপা, ব্রোঞ্জ, লোহা এবং বেগুনে, রক্ত ও নীল রংয়ের সুতার কাজ করণে ও সব রকম খোদাই করবার কাজে নিপুণ এক জনকে পাঠাবেন।
আর লেবানন থেকে এরস কাঠ, দেবদারু কাঠ ও আল্গুম কাঠ আমার এখানে পাঠাবেন; কেননা আমি জানি, আপনার গোলামেরা লেবাননে কাঠ কাটতে নিপুণ; আর দেখুন, আমার গোলামেরাও আপনার গোলামদের সঙ্গে থাকবে।
আর দেখুন, আমি আপনার গোলামদেরকে, যে কাঠুরিয়ারা গাছ কাটবে, তাদেরকে বিশ হাজার কোর্ মাড়াই করা গম, বিশ হাজার কোর্ যব, বিশ হাজার বাৎ আঙ্গুর-রস ও বিশ হাজার বাৎ তেল দেব।
হূরম আরও বললেন, মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্, বেহেশত ও দুনিয়ার নির্মাণকর্তা, যিনি বাদশাহ্ দাউদকে সুক্ষ্মদর্শী ও বুদ্ধিমান একটি বিজ্ঞ পুত্র দিয়েছেন, সেই পুত্র মাবুদের জন্য একটি গৃহ ও নিজের রাজ্যের জন্য একটি বাড়ি নির্মাণ করবেন।
সে দান-বংশীয়া এক জন স্ত্রীর পুত্র, তার পিতা টায়ারের লোক; সে সোনা, রূপা, ব্রোঞ্জ, লোহা, পাথর ও কাঠ এবং বেগুনে, নীল, মসীনা সুতার ও লাল রংয়ের সুতার কাজ করতে সিদ্ধহস্ত। আর সে সব রকম খোদাই কাজ করতে ও সব রকম কল্পনার কাজ প্রস্তুত করতে সিদ্ধহস্ত। তাকে আপনার কার্যনিপুণ লোকদের সঙ্গে এবং আপনার পিতা আমার মালিক দাউদের কার্যনিপুণ লোকদের সঙ্গে স্থান দেওয়া যাক।