উযায়ের ছিলেন একজন আলেম। ইসরাইলের মাবুদ আল্লাহ্র দেওয়া মূসার শরীয়ত সম্বন্ধে তাঁর ভাল জ্ঞান ছিল। তাঁর মাবুদ আল্লাহ্র হাত তাঁর উপর ছিল বলে তিনি যা চাইতেন বাদশাহ্ তাঁকে তা-ই দিতেন। বাদশাহ্ আর্টা-জারেক্সেসের রাজত্বের সপ্তম বছরে যখন উযায়ের জেরুজালেমে এসেছিলেন তখন তাঁর সংগে কিছু ইসরাইলীয়ও এসেছিল। তাদের মধ্যে ছিল ইমাম, লেবীয়, কাওয়াল এবং বায়তুল-মোকাদ্দসের রক্ষী ও খেদমতকারীরা।
আপনার হাতে আপনাদের আল্লাহ্র যে শরীয়ত আছে সেই অনুসারে এহুদা ও জেরুজালেমের অবস্থা কেমন তার খোঁজ নেবার জন্য বাদশাহ্ ও তাঁর সাতজন পরামর্শদাতা আপনাকে সেখানে পাঠাচ্ছেন।
এছাড়া যে সব সোনা-রূপা আপনি ব্যাবিলন প্রদেশ থেকে পাবেন এবং বনি-ইসরাইলরা ও তাদের ইমামেরা জেরুজালেমে তাদের আল্লাহ্র ঘরের জন্য যা নিজের ইচ্ছায় দেবে আপনি তা সবই নিয়ে যাবেন।
সেই সোনা-রূপা দিয়ে ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা আর তার সংগেকার শস্য-কোরবানী ও ঢালন-কোরবানীর জিনিস ভাল করে দেখে-শুনে কিনবেন এবং জেরুজালেমে আপনাদের আল্লাহ্র ঘরের কোরবানগাহের উপরে সেগুলো কোরবানী দেবেন।
এখন আমি বাদশাহ্ আর্টা-জারেক্সেস ফোরাত নদীর পশ্চিম পারের সমস্ত ধনভাণ্ডারের রক্ষকদের এই হুকুম দিচ্ছি যে, বেহেশতের আল্লাহ্র শরীয়তের ওস্তাদ ইমাম উযায়ের আপনাদের কাছে যা কিছু চাইবেন তা আপনারা ঠিকভাবে তাঁকে দেবেন।
আপনারা তাঁকে তিন হাজার ন’শো কেজি পর্যন্ত রূপা, আঠারো হাজার কেজি পর্যন্ত গম, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত আংগুর-রস, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত তেল এবং যত পরিমাণে লবণ দরকার তা দিতে পারবেন।
বেহেশতের আল্লাহ্ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইমতই বেহেশতের আল্লাহ্র ঘরের জন্য যেন সব কিছু যত্নের সংগে করা হয়। বাদশাহ্ ও তাঁর ছেলেদের রাজ্যের বিরুদ্ধে যেন তাঁর রাগ প্রকাশিত না হয়।
আমরা আপনাদের আরও বলছি যে, আল্লাহ্র সেই ঘরের কোন ইমাম, লেবীয়, কাওয়াল, রক্ষী, খেদমতকারী কিংবা অন্য কোন কর্মচারীর উপর কোন খাজনা, কর্ বা শুল্ক বসাবার ক্ষমতা আপনাদের নেই।
হে উযায়ের, আল্লাহ্র বিষয়ে আপনার যে জ্ঞান আছে সেই অনুসারে আপনি ফোরাত নদীর পশ্চিম পারের সমস্ত লোকদের বিচারের জন্য এমন সব কর্মচারী ও বিচারক নিযুক্ত করবেন যারা আপনার আল্লাহ্র দেওয়া শরীয়ত জানে। যারা তা জানে না আপনারা তাদের তা শিক্ষা দেবেন।
যারা আপনার আল্লাহ্র শরীয়ত অথবা বাদশাহ্র আইন মানবে না তাদের ঠিকমত শাস্তি দিতে হবে। সেই শাস্তি হতে পারে মৃত্যু কিংবা দেশ থেকে দূর করে দেওয়া কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করা কিংবা জেলে বন্দী করা।
বাদশাহ্ ও তাঁর পরামর্শদাতাদের এবং তাঁর সব ক্ষমতাশালী কর্মচারীদের সামনে তিনিই আমাকে তাঁর অটল মহব্বত দেখিয়েছেন। আমার উপর আমার মাবুদ আল্লাহ্র হাত ছিল বলেই আমি সাহস পেলাম এবং আমার সংগে জেরুজালেমে ফিরে যাবার জন্য বনি-ইসরাইলদের মধ্য থেকে নেতাদের একত্র করলাম।