×

Kitabul Mukkadas

আইউব ১৬

1
তখন জবাবে আইয়ুব বললেন,
2
“আমি এই রকম কথা অনেক শুনেছি; কি রকম কষ্ট-দেওয়া সান্ত্বনাকারী তোমরা সবাই!
3
তোমাদের এই একটানা বাতাসের মত কথাবার্তা কখনও কি শেষ হবে না? তোমাদের কিসে পেয়েছে যে, তোমরা তর্ক করেই চলেছ?
4
তোমাদের অবস্থা যদি আমার মত হত তবে আমিও তোমাদের মত কথা বলতে পারতাম, তোমাদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতাম আর তোমাদের দেখে মাথাও নাড়াতে পারতাম।
5
কিন্তু আমি তা করতাম না, বরং আমার মুখ তোমাদের উৎসাহ দিত; আমার মুখের সান্ত্বনার কথা তোমাদের আরাম দিত।
6
“কথা বললেও আমার যন্ত্রণা কমে না; চুপ করে থাকলেও তা দূর হয় না।
7
হে আল্লাহ্‌, তুমি তো আমাকে ক্ষয় হতে দিয়েছ; আমার গোটা সংসারটাকে তুমি ধ্বংস করে ফেলেছ।
8
তুমি আমার শরীর শুকিয়ে ফেলেছ, আর সেটাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়েছে; আমার শুকনা চেহারাই আমার বিরুদ্ধে সাক্ষি দিচ্ছে।
9
আল্লাহ্‌ আমাকে ভীষণভাবে আক্রমণ করেছেন এবং রাগে আমাকে ছিঁড়ে ফেলেছেন; তিনি আমাকে দেখে দাঁতে দাঁত ঘষেছেন; আমার বিপক্ষ আমার বিরুদ্ধে চোখ রাংগিয়েছেন।
10
আমাকে ঠাট্টা করবার জন্যই লোকে মুখ খোলে; ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারে আর আমার বিরুদ্ধে একসংগে জমায়েত হয়।
11
খারাপ লোকদের কাছে আল্লাহ্‌ আমাকে তুলে দিয়েছেন; দুষ্ট লোকদের হাতে তিনি আমাকে ছুঁড়ে ফেলেছেন।
12
আমি শান্তিতে ছিলাম কিন্তু তিনি আমাকে চুরমার করেছেন; আমার ঘাড় ধরে তিনি আমাকে আছাড় মেরেছেন। তিনি আমাকে করেছেন তাঁর তীরের লক্ষ্যস্থান।
13
তাঁর ধনুকধারীরা আমাকে ঘিরে ফেলেছে; নিষ্ঠুরের মত তিনি আমার কিড্‌নি চিরে দিয়েছেন আর আমার পিত্ত মাটিতে ঢেলে ফেলেছেন।
14
বারে বারে তিনি আমার রক্ষা-দেয়াল ভেংগে ফেলেছেন, যোদ্ধার মত করে তিনি আমার দিকে দৌড়ে এসেছেন।
15
আমার চামড়ার উপরে আমি চট পরেছি; আমার অহংকার আমি ধুলায় লুটিয়েছি।
16
কাঁদতে কাঁদতে আমার মুখ লাল হয়েছে, আমার চোখের নীচে কালি পড়েছে;
17
তবুও আমি কাউকে জুলুম করি নি এবং আমার মুনাজাত খাঁটি রয়েছে।
18
“হে দুনিয়া, আমার রক্ত ঢেকে দিয়ো না; আমার কান্না যেন সব সময় শোনা যায়।
19
এখনও আমার সাক্ষী বেহেশতে রয়েছেন; আমার পক্ষে যিনি কথা বলবেন তিনি উপরে রয়েছেন।
20
যিনি আমার পক্ষে আছেন তিনি আমার বন্ধু, আর আমি আল্লাহ্‌র কাছে চোখের পানি ফেলি।
21
মানুষ যেমন বন্ধুর পক্ষ হয়ে কথা বলে তেমনি যদি কেবল একজন আমার পক্ষ হয়ে আল্লাহ্‌র কাছে কথা বলতে পারত!
22
আমাকে তো আর কয়েকটা বছর পরে সেই পথে চলে যেতে হবে যে পথে গেলে আর আমি ফিরব না।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন