×

পবিএ বাইবেল

আইউব ২২

1
এর পরে তেমান নিবাসী এলিফস বললেনঃ কোন মানুষ-সে যদি শ্রেষ্ঠ জ্ঞানীও হয়, তাতে ঈশ্বরের কি লাভ?
2
3
সে যদি ধার্মিক হয় তাতে সর্বশক্তিমান ঈশ্বরের কি কাজ সাধিত হয়? তার জীবনাচরণে যদি কোন খুঁত না থাকে তাতেই বা তাঁর কি লাভ?
4
তুমি তাঁকে সম্ভ্রম কর বলেই কি তিনি তোমাকে ভর্ৎসনা করেন? কিম্বা তোমার বিচার করেন?
5
না, তা নয়, কিন্তু তোমার দুষ্টতা অত্যধিক, তোমার অধর্মের শেষ নেই।
6
তুমি তোমার ভাইদের কাছ থেকে তাদের দেনা উশুল করার জন্য তাদের পরণের কাপড়টুকুও কেড়ে নিয়েছ।
7
তুমি তৃষ্ণার্তকে জল দাওনি, ক্ষুধার্তকে খেতে দাওনি।
8
তুমি তোমার প্রভাব ও প্রতিপত্তির জোরে গোটা দেশ অধিকার ও ভোগদখল করেছ।
9
তুমি বিধবাদের শূন্য হাতে বিদায় দিয়েছ, পিতৃহীন অনাথদের সর্বস্ব লুঠ করেছ।
10
সেই জন্যই এখন তোমার চারিদিকে ফাঁদ পাতা হয়েছে, বিভীষিকা তোমাকে হঠাৎ আচ্ছন্ন করেছ।
11
তোমার আলো নিভে গেছে তাই কিছু দেখতে পাচ্ছ না, দুর্বিপাকের বন্যায় তুমি তলিয়ে গেছ।
12
দেখ, ঊর্ধ্বাকাশের নক্ষত্ররাজি কত উচ্চে অবস্থিত তারও বহু ঊর্ধ্বে ঈশ্বর বাস করেন।
13
সেই জন্যই তুমি বল: ঈশ্বর কি জানেন? তিনি তো কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছেন, তিনি কি করে আমাদের বিচার করবেন?
14
ঘন কালো মেঘ তাঁকে আবৃত করেছে, তিনি তাই কিছু দেখতে পান না। আকাশ মণ্ডলের উপরে তাঁর বিচরণ।
15
তুমি কি দুর্জনদের অনুসৃত সেই পুরাণো পথেই চলার সঙ্কল্প করেছ?
16
তারা তাদের আয়ুষ্কাল পূর্ণ হওয়ার আগেই উচ্ছিন্ন হয়েছে, তাদের ভিত্তিমূল বন্যায় ভেসে গেছে।
17
তারা ঈশ্বরকে বলেছিল: আমাদের কাছ থেকে দূর হয়ে যাও, বলেছিল: সর্বশক্তিমান আমাদের কি করতে পারেন?
18
কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর তাদের ধনদৌলতে পূর্ণ করেছিলেন। দুর্জনদের চিন্তাধারা আমার বোধের অতীত।
19
দুষ্টের দণ্ড দেখে ধার্মিকেরা আনন্দিত হয়, শিষ্ট সুজনেরা হাসে।
20
তারা বলে: আমাদের শত্রুরা উচ্ছিন্ন হয়েছে, তারা যা কিছু রেখে গেছে সব পুড়ে ধ্বংস হয়েছে আগুনে।
21
তুমি এখন ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়ে তাঁর সঙ্গে শান্তিস্থাপন কর, তাঁর বিরোধিতা করো না, তাহলেই মঙ্গল হবে তোমার।
22
তাঁর কাছে তুমি শিক্ষা নাও তাঁর বাক্য হৃদয়ে সঞ্চয় কর।
23
তুমি যদি নিজেকে অবনত করে সর্বশক্তিমানের কাছে ফিরে আস যদি তোমার আবাস থেকে সমস্ত অধার্মিকতা দূর কর,
24
তুমি যদি তোমার সোনা-দানা ধূলায় ছড়িয়ে দাও, ওফির দেশের খাঁটি সোনা যদি নদীখাতের পাথরগুলির মধ্যে ছুঁড়ে ফেল,
25
যদি সর্বশক্তিমান ঈশ্বরকে তোমার সোনা ও মূল্যবান রূপো বলে মনে কর,
26
তাহলে সর্বশক্তিমান ঈশ্বরেই তুমি আনন্দলাভ করতে পারবে। ঈশ্বরের সম্মুখে মুখ তুলে দাঁড়াতে পারবে।
27
তুমি তাঁর কাছে প্রার্থনা নিবেদন করবে, আর তিনি তোমার প্রার্থনা শুনবেন, তুমি তাঁর উদ্দেশে পূর্ণ করবে তোমার মানত।
28
তুমি যা কিছু করতে চাইবে তাতেই সাফল্যলাভ করবে, তোমার চলার পথ হবে আলোকিত।
29
ঈশ্বর অহঙ্কারীর দর্প চূর্ণ করেন, কিন্তু নম্রদের করেন পরিত্রাণ।
30
তিনি নিরীহ লোকদের উদ্ধার করেন, তোমার আচরণ যদি নিখুঁত হয় তাহলে তিনি তোমাকেও উদ্ধার করবেন।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন