×

Kitabul Mukkadas

আইউব ২৩

1
তখন আইয়ুব জবাবে বললেন,
2
“আজও আমার কান্না তিক্ততায় ভরা; আমি কাতরাচ্ছি, তবুও আল্লাহ্‌র ভারী হাত আমার উপরে রয়েছে।
3
যদি কেবল জানতাম কোথায় তাঁকে পাওয়া যায়, যদি তাঁর বাসস্থানে আমি যেতে পারতাম,
4
তবে আমি তাঁর কাছে আমার নালিশ জানাতাম আর আমার নিজের পক্ষে অনেক কথা বলতাম।
5
তখন তিনি আমাকে কি জবাব দিতেন তা জানতে পারতাম, আর যা বলতেন তা বুঝতে পারতাম।
6
তিনি কি মহাশক্তিতে আমার সংগে তর্ক করতেন? না, তিনি আমার প্রতি মনোযোগ দিতেন।
7
তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত; আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্য আমি উদ্ধার পেতে পারতাম।
8
“কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে তিনি নেই; যদি পশ্চিমে যাই সেখানেও তাঁকে খুঁজে পাওয়া যায় না।
9
উত্তর দিকে তিনি যখন কাজ করেন তখন তাঁকে দেখা যায় না; তিনি দক্ষিণে ফিরলে আমি তাঁকে দেখতে পাই না।
10
কিন্তু আমি কোন্‌ পথে যাই তা তিনি জানেন; তিনি আমাকে যাচাই করলে আমি খাঁটি সোনার মতই হব।
11
আমি বিশ্বস্তভাবে তাঁর পিছনে চলেছি; বিপথে না গিয়ে আমি তাঁর পথেই গিয়েছি।
12
তাঁর হুকুম থেকে আমি সরে আসি নি; আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথার আমি বেশী মূল্য দিয়েছি।
13
কিন্তু তিনি সব কিছুতে স্থির থাকেন, কেউ তাঁকে বাধা দিতে পারে না; তাঁর যা খুশী তিনি তা-ই করেন।
14
তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন; ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে।
15
কাজেই আমি তাঁর সামনে ভীষণ ভয় পাই; এই সব ভাবলে তাঁকে আমার ভয় লাগে।
16
আল্লাহ্‌ আমার অন্তর দুর্বল করেছেন; সর্বশক্তিমান আমাকে ভীষণ ভয় দেখিয়েছেন।
17
যদিও অন্ধকার আমার মুখ ঢেকে রেখেছে তবুও তা আমাকে চুপ রাখতে পারে নি, ঘন অন্ধকারও তা পারে নি।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন