×

পবিএ বাইবেল

আইউব ২৮

1
খনি থেকে রূপো সংগ্রহ করা হয়, সোনা খাঁটি করার জন্য রয়েছে শোধনাগার,
2
ভূগর্ভ থেকে লোহা উত্তোলন করা হয়, খনি থেকে তামা পাওয়া যায়।
3
ভূগর্ভের গভীর অন্ধকার ভেদ করে, মানুষ খনিজ সম্পদ অনুসন্ধান করে।
4
লোকালয় থেকে বহুদূরে মানুষের চরণচিহ্ন যেখানে পড়ে না সেখানে মানুষ গিয়ে খনিপত্তন করে, নির্জন গহ্বরে দড়ি আঁকড়ে ধরে তারা কাজ করে।
5
তুমি থেকে উৎপন্ন হয় খাদ্য, কিন্তু সেই একই ভূমিগর্ভে মানুষ আগুন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তুলে আনে পাথরের মধ্যে থেকে নীলকান্ত মণি, সেখানে ধূলার সঙ্গে মিশে আছে সোনা।
6
7
সেই খনির পথ চিলের অজানা শকুনের দৃষ্টির অগোচরে।
8
হিংস্র পশুরা সেই পথে যায় না, সিংহেরা সে পথে চলে না।
9
কিন্তু মানুষ সুকঠিন পাথর খোঁড়ে, পাহাড়-পর্বতের মূল উৎপাটন করে।
10
সে পাহাড় খুঁড়ে সুড়ঙ্গ তৈরী করে, বহুমূল্য মণি-মাণিক্য আবিষ্কার করে।
11
সে বাঁধ বেঁধে নদীর স্রোত বন্ধ করে, গুপ্ত ধনের ভাণ্ডার প্রকাশ্য আলোকে আনে।
12
কিন্তু প্রজ্ঞার সন্ধান কোথায় পাওয়া যাবে? সুবিবেচনার স্থানই বা কোথায়?
13
মানুষ তার ঠিকানা জানে না, জীবলোকে তার সন্ধান পাওয়া যায় না।
14
সাগর বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই’, মহাসমুদ্র বলে, ‘আমার মাঝেও নেই।’
15
সোনার বিনিময়ে প্রজ্ঞা পাওয়া যায় না, রূপোর ওজনে নির্ধারণ করা যায় না তার মূল্য।
16
ওফির দেশের সোনা কিম্বা বহুমূল্য গোমেদ ও নীলকান্তমণি তার সমতুল্য নয়।
17
সোনা বা স্ফটিক তার সমান নয়, নিখাদ সোনার অলঙ্কারের বিনিময়ে প্রজ্ঞা পাওয়া যায় না।
18
প্রবাল বা স্ফটিকের কথাই ওঠে না, পদ্মরাগ মণির চেয়ে প্রজ্ঞা মূল্যবান।
19
তার সঙ্গে ইথিওপিয়ার পুষ্পরাগমণির কোন তুলনা করা চলে না। নিখাদ সোনার তার মূল্য স্থির করা যায় না।
20
তাহলে প্রজ্ঞা কোথা থেকে আসে? সুবিবেচনার স্থানই বা কোথায়?
21
সজীব সমস্ত প্রাণীর কাছে তা গুপ্ত, আকাশের পাখিদের দৃষ্টির অগোচর।
22
ধ্বংস ও মৃত্যু বলে, ‘আমরা তার কথা কানে শুনেছি মাত্র।’
23
একমাত্র ঈশ্বরই তার ঠিকানা জানেন, তিনিই জানেন প্রজ্ঞা কোথায় থাকে।
24
কেননা তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখেন, আকাশের নীচে সর্ববস্তু তাঁর দৃষ্টিগোচর।
25
তিনি যখন বায়ুকে গতিবেগ দিলেন, জলধরের সীমা নির্দিষ্ট করলেন,
26
বর্ষার রীতিপ্রকৃতি স্থির করে দিলেন বিদ্যুৎ বজ্রের গতিপথ নির্ধারিত করলেন,
27
তখন তিনি প্রজ্ঞার সাক্ষাৎ পেলেন এবং তার কথা ঘোষণা করলেন তাকে প্রতিষ্ঠিত করলেন, তার মূল্য যাচাই করলেন,
28
মানুষকে তিনি বললেনঃ দেখ, পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধই হচ্ছে প্রজ্ঞা, আর মন্দকে পরিহার করাই হচ্ছে সুবিবেচনা।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন