×

পবিএ বাইবেল

আইউব ৩২

1
ইয়োব নিজের বিচারে নিজেকে ধার্মিক বলে মনে করায় ঐ তিন ব্যক্তি আর কোন কথা বললেন না।
2
এই দেখে বার্‌খেলের পুত্র ইলিহু অত্যন্ত ক্রুদ্ধ হলেন কারণ ইয়োব নিজের ধার্মিকতা প্রমাণ করে ঈশ্বরকে দোষী করতে চাইছিলেন। (ইলিহু ছিলেন রাম গোষ্ঠীভুক্ত বুষের বংশধর ও বার্‌খেলের পুত্র)।
3
ইয়োবের তিন বন্ধুর বিরুদ্ধেও তাঁর ক্রোধ প্রজ্বলিত হল কারণ তাঁরা ইয়োবের যুক্তি কোনমতে খণ্ডন করতে পারলেন না। ফলে প্রকারান্তরে ঈশ্বরই দোষী সাব্যস্ত হলেন।
4
ইলিহু এঁদের সকলের চেয়ে বয়সে ছোট ছিলেন বলে এতক্ষণ কোন কথা বলেন নি। তিনি ইয়োবের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় ছিলেন।
5
এই তিন ব্যক্তিকে নিরুত্তর দেখে তিনি আর ক্রোধ দমন করতে পারলেন না।
6
বুষের বংশধর, বার্‌খেলের পুত্র ইলিহু তখন বললেনঃ আমি বয়সে তরুণ আর আপনারা প্রবীণ, তাই আপনাদের সামনে কথা বলতে আমি সঙ্কোচ বোধ করছিলাম।
7
আমি মনে করলাম, বয়স্ক ব্যক্তিরাই কথা বলুন, প্রবীণেরাই জ্ঞান দান করুন।
8
কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের আত্মাই মানুষকে জ্ঞান বুদ্ধি দান করেন।
9
বয়স হলেই যে মানুষের জ্ঞান হয়, তা নয়, প্রবীণেরাই যে ভালমন্দ বিচার করতে পারেন, তা নয়।
10
সেই জন্যই আমি বলছি, আমার কথা শুনুন, আমাকেও আমার মত প্রকাশ করতে দিন।
11
দেখুন, আমি ধৈর্য ধরে আপনাদের কথা শুনেছি, আপনারা যখন যুক্তিতর্ক করছিলেন, উপযুক্ত উত্তর খুঁজছিলেন, আমি তখন শুনেছি আপনাদের জ্ঞানগর্ভ কথা।
12
আমি গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনেছি, কিন্তু আপনারা কেউ ইয়োবের যুক্তি খণ্ডন করতে পারেন নি। তাঁর কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারেন নি।
13
আপনারা কি করে বলতে পারেন যে আপনারা প্রজ্ঞা লাভ করেছেন? ঈশ্বরই ইয়োবকে তর্কে পরাস্ত করতে পারেন, কোন মানুষ নয়।
14
ইয়োব আমাকে উদ্দেশ করে কথা বলেন নি, এবং আমিও আপনাদের যুক্তি অনুযায়ী তাঁকে উত্তর দেব না।
15
(ইয়োবকে) এঁরা তর্কে পরাস্ত হয়েছেন, তাই নিরুত্তর, এঁদের আর বলার কিছুই নেই।
16
এঁরা চুপ করে দাঁড়িয়ে আছেন, কোন উত্তর দিচ্ছেন না, কিন্তু এঁরা কথা বলছেন না বলে আমি কি অপেক্ষা করে থাকব?
17
না, আমি এর উত্তর দেব, আমার অভিমত আমি প্রকাশ করব।
18
আমি কথা না বলে থাকতে পারছি না, আমার অন্তরাত্মা আমাকে কথা বলতে বাধ্য করছে।
19
আমার মন পাত্রে আবদ্ধ সুরার মত, নূতন সুরায় পূর্ণ মশকের মত, তা ফেটে পড়ার উপক্রম হয়েছে।
20
আমাকে কথা বলতেই হবে নইলে স্বস্তি পাব না, আমি অবশ্যই এর উত্তর দেব।
21
আমি কোন ব্যক্তির পক্ষপাতিত্ব করব না, কোন লোকের তোষামোদও করব না।
22
কারণ তোষামোদ করতে আমি জানি না, যদি না তা করি তাহলে সৃষ্টিকর্তা ঈশ্বর অবিলম্বে আমাকে ধ্বংস করবেন।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন