×

Kitabul Mukkadas

আইউব ৩৪

1
তারপর ইলীহূ বললেন,
2
“হে জ্ঞানী লোকেরা, আমার কথা শুনুন; হে বুদ্ধিমানেরা, আমার কথায় কান দিন।
3
জিভ্‌ যেমন করে খাবারের স্বাদ নেয় তেমনি করে কান লোকের কথা পরীক্ষা করে দেখে।
4
কোন্‌টা ঠিক, আসুন, আমরা তা বিচার করে দেখি; কোন্‌টা ভাল আমরা তা খুঁজে দেখি।
5
“আইয়ুব বলছেন, ‘আমি নির্দোষ, কিন্তু আল্লাহ্‌ ন্যায়ভাবে আমার বিচার করেন নি।
6
আমি ঠিক কথা বললেও আমাকে মিথ্যাবাদী মনে করা হয়েছে; বিনা দোষে আমি এমন আঘাত পেয়েছি যা ভাল হয় না।’
7
আইয়ুবের মত কেউ আছে কি যিনি পানির মত করে ঠাট্টা-বিদ্রূপ খেয়েছেন?
8
যারা খারাপ কাজ করে তিনি তাদের সংগে চলেন; তিনি দুষ্ট লোকদের সংগী হন।
9
তিনি বলেন, ‘আল্লাহ্‌কে সন্তুষ্ট করে মানুষের কোন লাভই হয় না।’
10
“কাজেই হে বুদ্ধিমান লোকেরা, আমার কথা শুনুন। আল্লাহ্‌ যে খারাপ কাজ করেন, সর্বশক্তিমান যে অন্যায় করেন তা দূরে থাকুক।
11
তিনি মানুষকে তার কাজের ফল দেন; তার আচার-ব্যবহার অনুসারে তিনি তার পাওনা দেন।
12
আল্লাহ্‌ কখনও খারাপ কাজ করেন না, সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না।
13
দুনিয়ার ভার কি কেউ তাঁকে দিয়েছে? গোটা দুনিয়ার দেখাশোনার কাজে কেউ কি তাঁকে লাগিয়েছে?
14
যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন আর তাঁর রূহ্‌ ও নিঃশ্বাস নিজের কাছে ফিরিয়ে নিতেন,
15
তবে সব মানুষ একসংগে ধ্বংস হয়ে যেত, তারা আবার ধুলা হয়ে যেত।
16
“যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন; আমার কথায় কান দিন।
17
যিনি ন্যায়বিচার ঘৃণা করেন তিনি কি শাসন করতে পারেন? আপনারা কি ন্যায়বান ও ক্ষমতাশালীকে দোষ দেবেন?
18
তিনি তো বাদশাহ্‌দের বলেন, ‘তোমরা অপদার্থ,’ আর প্রধান লোকদের বলেন, ‘তোমরা দুষ্ট।’
19
তিনি শাসনকর্তাদের পক্ষ নেন না, গরীবদের ফেলে ধনীদের বড় মনে করেন না, কারণ তারা সবাই তাঁরই হাতের কাজ।
20
তারা হঠাৎ মারা যায়, মারা যায় মাঝরাতে; তাদের নাড়ানো হলে তারা ধ্বংস হয়; কেউ কিছু না করলেও শক্তিমানেরা মারা যায়।
21
“মানুষের চলাফেরার উপর আল্লাহ্‌র চোখ আছে; তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন।
22
এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেই যেখানে খারাপ কাজ করা লোকেরা লুকাতে পারে।
23
মানুষের বিচারের জন্য আল্লাহ্‌র কোন খোঁজ নেবার দরকার নেই;
24
তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেন আর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন।
25
তিনি তাদের কাজের হিসাব রাখেন বলে রাতের বেলায় তিনি তাদের ধ্বংস করে ফেলেন আর তারা চুরমার হয়ে যায়।
26
তাদের দুষ্টতার জন্য তিনি সকলের সামনে তাদের শাস্তি দেন,
27
কারণ তারা তাঁর পথে চলা বাদ দিয়েছে; তাঁর কোন হুকুমের প্রতি তাদের খেয়াল নেই।
28
তাদের অত্যাচারের দরুন গরীবের কান্না তাঁর সামনে উপস্থিত হয়; তিনি অভাবীদের কান্না শোনেন।
29
অবশ্য তিনি চুপ করে থাকলেও কেউ তাঁকে দোষী করতে পারে না; তিনি মুখ লুকালে কেউ তাঁকে দেখতে পায় না। তবুও তিনি মানুষ ও জাতির উপরে আছেন,
30
যাতে আল্লাহ্‌র প্রতি ভয়হীন লোক রাজত্ব করতে না পারে আর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।
31
“কোন লোক তো আল্লাহ্‌কে বলে নি, ‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না;
32
আমি যা দেখতে পাই না তা আমাকে শিখাও; যদি আমি অন্যায় করে থাকি, তবে আর তা করব না।’
33
আপনি যখন আল্লাহ্‌কে অগ্রাহ্য করছেন তখন আল্লাহ্‌ কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন? মন স্থির করা আপনার কাজ, আমার নয়; কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।
34
“বুদ্ধিমান লোকেরা আমাকে বলেন, জ্ঞানী লোকেরা আমার কথা শুনে আমাকে বলেন,
35
‘আইয়ুব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন, তাঁর কথায় কোন বুদ্ধির পরিচয় নেই।’
36
আইয়ুবের পরীক্ষা সম্পূর্ণভাবে হলেই ভাল, কারণ তিনি দুষ্ট লোকের মত কথা বলছেন।
37
তাঁর গুনাহের সংগে তিনি বিদ্রোহ যোগ করছেন; তিনি আমাদের সামনে আল্লাহ্‌র কুফরী করছেন আর আল্লাহ্‌র বিরুদ্ধে অনেক কথা বলছেন।”
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন