×

Kitabul Mukkadas

আইউব ৩৭

1
“এতে আমি ভয়ে কাঁপছি আর আমার দিল ধুক্‌ ধুক্‌ করছে।
2
শুনুন, শুনুন তাঁর গর্জনের শব্দ; তাঁর মুখ থেকে যে আওয়াজ বের হচ্ছে তা শুনুন।
3
গোটা আকাশের নীচে আর দুনিয়ার শেষ সীমানায় তাঁর বিদ্যুৎকে তিনি পাঠিয়ে দেন।
4
তারপর তাঁর গর্জনের শব্দ আসে; তাঁর মহান স্বরে তিনি গর্জন করেন। যখন তাঁর গলার আওয়াজ শোনা যায় তখন বিদ্যুৎকে তিনি থামিয়ে রাখেন না।
5
আল্লাহ্‌ আশ্চর্যভাবে গর্জন করেন; তিনি এমন মহৎ মহৎ কাজ করেন যা আমরা বুঝতে পারি না।
6
তিনি তুষারকে বলেন, ‘দুনিয়াতে পড়,’ আর বৃষ্টিকে বলেন, ‘মুষলধারে পড়।’
7
প্রত্যেক মানুষকে তাঁর কাজ থেকে তিনি থামিয়ে দেন, যেন সব মানুষ তাঁর কাজের বিষয় জানতে পারে।
8
তখন পশুরা আশ্রয় নেয়; তারা তাদের গর্তে ঢোকে।
9
ঝড় তার ঘর থেকে বের হয়ে আসে, বাতাস ঠাণ্ডা বয়ে আনে।
10
আল্লাহ্‌র নিঃশ্বাস থেকে বরফ জন্মায় আর পানি জমে যায়।
11
তিনি ঘন মেঘে পানি ভরেন; তাঁর বিদ্যুৎকে তিনি মেঘের মধ্য দিয়ে ছড়িয়ে দেন।
12
তাঁর নির্দেশে মেঘগুলো ঘুরে বেড়ায়, তাঁর হুকুম পালনের জন্য তারা গোটা দুনিয়ায় ঘুরে বেড়ায়।
13
মানুষকে শাস্তি দেবার জন্য, কিংবা তাঁর দুনিয়াকে পানি দেবার জন্য, কিংবা তাঁর মহব্বত দেখাবার জন্য তিনি বৃষ্টি আনেন।
14
“আইয়ুব, আপনি এই কথা শুনুন; স্থির হয়ে আল্লাহ্‌র কেরামতীর কথা ভাবুন।
15
আপনি কি জানেন কেমন করে আল্লাহ্‌ মেঘকে দমনে রাখেন আর তাঁর বিদ্যুৎকে চম্‌কাতে দেন?
16
আপনি কি জানেন কেমন করে মেঘ ঝুলে থাকে? যিনি জ্ঞানে পরিপূর্ণ তাঁর কেরামতী কি আপনি জানেন?
17
দখিনা বাতাসে যখন দেশ নীরব হয়ে যায় তখন আপনি তো আপনার কাপড়-চোপড়ে গরম বোধ করেন।
18
ছাঁচে ঢালা আয়নার মত শক্ত যে আকাশ তা কি আপনি আল্লাহ্‌র সংগে বিছিয়েছেন?
19
“তাঁকে কি বলা উচিত তা আপনি আমাদের বলুন; আমরা জ্ঞানহীন বলে তাঁকে আমাদের কথা জানাতে পারি না।
20
তাঁকে কি বলতে হবে যে, আমি কথা বলতে চাই? কোন মানুষ কি চাইবে যে, তাকে গিলে ফেলা হোক?
21
বাতাসে আকাশ পরিষ্কার হয়ে যখন সূর্য উজ্জ্বল হয় তখন তার দিকে কেউ তাকাতে পারে না।
22
উত্তর দিক থেকে সোনালী উজ্জ্বলতা আসে; তাঁর চারদিকে ভয় জাগানো মহিমা দেখা যায়।
23
সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে এবং কুদরতে অনেক মহান; তাঁর ন্যায়বিচার ও সততার দরুন তিনি জুলুম করেন না।
24
এইজন্যই মানুষ তাঁকে ভয় করে; যারা নিজেদের জ্ঞানী মনে করে তাদের দিকে তিনি কোন নজর দেন না।”
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন