|
| 1 |
|
| মাবুদ আইয়ুবকে আরও বললেন, |
|
| 2 |
|
| “সর্বশক্তিমানের সংগে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? আল্লাহ্র সংগে যে তর্ক করে সে তাঁকে জবাব দিক।” |
|
| 3 |
|
| তখন আইয়ুব জবাবে মাবুদকে বললেন, |
|
| 4 |
|
| “আমি তো অযোগ্য, আমি কেমন করে তোমাকে জবাব দেব? আমার মুখে আমি হাত চাপা দিয়েছি। |
|
| 5 |
|
| আমি একবার কথা বলেছি, কিন্তু জবাব দেবার আমার কিছু নেই; দু’বার বলেছি, কিন্তু আর বলব না।” |
|
| 6 |
|
| তখন মাবুদ ঝড়ের মধ্য থেকে আইয়ুবকে বললেন, |
|
| 7 |
|
| “তুমি বীরের মত কোমর বাঁধ; আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে জবাব দেবে। |
|
| 8 |
|
| তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে? তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে? |
|
| 9 |
|
| তোমার কি আল্লাহ্র মত শক্তি আছে? তোমার গলার আওয়াজ কি তাঁর গর্জনের মত? |
|
| 10 |
|
| তাহলে নিজেকে সাজাও দেখি গৌরব ও মহিমায়, আর পরাও নিজেকে সম্মান ও মর্যাদার পোশাক। |
|
| 11 |
|
| তোমার ভয়ংকর গজব ঢেলে দাও; প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর। |
|
| 12 |
|
| সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নীচুতে নামাও; দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া কর। |
|
| 13 |
|
| তাদের সবাইকে একসংগে ধুলায় ঢেকে ফেল; কবরে তাদের বেঁধে রাখ। |
|
| 14 |
|
| তাহলে আমি নিজেই স্বীকার করে নেব যে, তোমার নিজের শক্তি তোমাকে রক্ষা করতে পারে। |
|
| 15 |
|
| “বহেমোৎকে দেখ, তোমার সংগে আমি তাকেও তৈরী করেছি; সে গরুর মতই ঘাস খায়। |
|
| 16 |
|
| তার কোমরে কি শক্তি! তার পেটের মাংসপেশীতে কত ক্ষমতা! |
|
| 17 |
|
| তার লেজ এরস গাছের মত নড়ে; তার রানের মাংসপেশী শক্ত করে জোড়া লাগানো। |
|
| 18 |
|
| তার হাড়গুলো যেন ব্রোঞ্জের নল, সেগুলো লোহার ডাণ্ডার মত। |
|
| 19 |
|
| আল্লাহ্র সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান; কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন। |
|
| 20 |
|
| পাহাড়ে যা জন্মায় তা-ই সে খায়, সেখানকার সব বুনো পশুরা তার কাছেই খেলা করে। |
|
| 21 |
|
| বাব্লা গাছের নীচে সে শুয়ে থাকে; জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে। |
|
| 22 |
|
| বাব্লা গাছ তার ছায়ায় তাকে ঢেকে রাখে; তাকে ঘিরে রাখে নদীর ধারের উইলো গাছ। |
|
| 23 |
|
| নদীতে বেগে বান আসলেও সে ভয় পায় না; জর্ডানের পানি বেগে এসে তার মুখে পড়লেও সে স্থির থাকে। |
|
| 24 |
|
| তার চোখ আক্রমণ করে কেউ কি তাকে ধরতে পারে? কেউ কি ফাঁদে ফেলে তার নাক ছেঁদা করতে পারে? |
|
|
|
|