×

Pobitro Baibel

আইউব ৪০

1
সদাপ্রভু ইয়োবকে আরও বললেন,
2
“সর্বশক্তিমানের সংগে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? ঈশ্বরের সংগে যে তর্ক করে সে তাঁকে উত্তর দিক।”
3
তখন ইয়োব উত্তরে সদাপ্রভুকে বললেন,
4
“আমি তো অযোগ্য, আমি কেমন করে তোমাকে উত্তর দেব? আমার মুখে আমি হাত চাপা দিয়েছি।
5
আমি একবার কথা বলেছি, কিন্তু উত্তর দেবার আমার কিছু নেই; দু’বার বলেছি, কিন্তু আর বলব না।”
6
তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে বললেন,
7
“তুমি বীরের মত কোমর বাঁধ; আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে উত্তর দেবে।
8
তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে? তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?
9
তোমার কি ঈশ্বরের মত শক্তি আছে? তোমার স্বর কি তাঁর গর্জনের মত?
10
তাহলে নিজেকে সাজাও দেখি গৌরব ও মহিমায়, আর পরাও নিজেকে সম্মান ও মর্যাদার পোশাক।
11
তোমার ভয়ংকর ক্রোধ ঢেলে দাও; প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।
12
সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নীচুতে নামাও; দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া কর।
13
তাদের সবাইকে একসংগে ধুলায় ঢেকে ফেল; মৃতস্থানে তাদের বেঁধে রাখ।
14
তাহলে আমি নিজেই স্বীকার করে নেব যে, তোমার নিজের শক্তি তোমাকে রক্ষা করতে পারে।
15
“বহেমোৎকে দেখ, তোমার সংগে আমি তাকেও তৈরী করেছি; সে গরুর মতই ঘাস খায়।
16
তার কোমরে কি শক্তি! তার পেটের মাংসপেশীতে কত ক্ষমতা!
17
তার লেজ এরস গাছের মত নড়ে; তার ঊরুর মাংসপেশী শক্ত করে জোড়া লাগানো।
18
তার হাড়গুলো যেন ব্রোঞ্জের নল, সেগুলো লোহার ডাণ্ডার মত।
19
ঈশ্বরের সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান; কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন।
20
পাহাড়ে যা জন্মায় তা-ই সে খায়, সেখানকার সব বুনো পশুরা তার কাছেই খেলা করে।
21
বাব্‌লা গাছের নীচে সে শুয়ে থাকে; জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে।
22
বাব্‌লা গাছ তার ছায়ায় তাকে ঢেকে রাখে; তাকে ঘিরে রাখে নদীর ধারের উইলো গাছ।
23
নদীতে বেগে বান আসলেও সে ভয় পায় না; যর্দনের জল বেগে এসে তার মুখে পড়লেও সে স্থির থাকে।
24
তার চোখ আক্রমণ করে কেউ কি তাকে ধরতে পারে? কেউ কি ফাঁদে ফেলে তার নাক ছেঁদা করতে পারে?
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন