×

Kitabul Mukkadas

জবুর শরীফ ১০১

1
আমি তোমার অটল মহব্বত ও ন্যায়বিচারের কাওয়ালী গাইব; হে মাবুদ, আমি তোমার উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাইব।
2
নিখুঁত জীবন কাটাবার দিকে আমি মনোযোগ দেব; কবে তুমি আমার কাছে আসবে? আমার নিজের ঘরে আমি খাঁটি অন্তরে থাকব।
3
আমি খারাপ কোন কিছু আমার চোখের সামনে রাখব না। বিপথে যাওয়া লোকদের কাজ আমি ঘৃণার চোখে দেখি; সেগুলো আমাকে আঁকড়ে ধরতে পারবে না।
4
আমার অন্তরে আমি কুটিলতাকে স্থান দেব না; খারাপীর সংগে আমার কোন যোগ থাকবে না।
5
যারা গোপনে অন্যদের নিন্দা করে তাদের আমি শেষ করব; যাদের চোখে গর্ব আর বুকে অহংকার রয়েছে তাদের আমি সহ্য করব না।
6
দেশের বিশ্বস্ত লোকদের দিকে আমার নজর থাকবে যাতে তারা আমার সংগে বাস করতে পারে; যাদের জীবন নিখুঁত তারাই আমার কাজ করবে।
7
ছলনাকারীরা আমার বাড়ীতে বাস করতে পারবে না; মিথ্যাবাদীরা আমার কাজে বহাল থাকতে পারবে না।
8
রোজ সকালে দেশের দুষ্ট লোকদের আমি শেষ করব, যাতে মাবুদের শহর থেকে প্রত্যেকটি অন্যায়কারীকে উপ্‌ড়ে ফেলা যায়।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন