|
| 1 |
|
| হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো; হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো। |
|
| 2 |
|
| হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো, এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না— |
|
| 3 |
|
| যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন আর তোমার সব রোগ ভালো করেন, |
|
| 4 |
|
| যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন, |
|
| 5 |
|
| তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়। |
|
| 6 |
|
| সদাপ্রভু ধার্মিকতার কাজ করেন আর পীড়িতদের পক্ষে ন্যায়বিচার করেন। |
|
| 7 |
|
| তিনি মোশিকে জানিয়েছিলেন তাঁর পথগুলি, ইস্রায়েলের লোকদের তাঁর কাজকর্ম: |
|
| 8 |
|
| সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর, দয়াতে মহান। |
|
| 9 |
|
| তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না, তিনি চিরকাল তাঁর ক্রোধ মনে পুষে রাখবেন না; |
|
| 10 |
|
| তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী আচরণ করেন না অথবা আমাদের অপরাধ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না। |
|
| 11 |
|
| কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান; |
|
| 12 |
|
| পূর্ব থেকে পশ্চিম যত দূরে, ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন। |
|
| 13 |
|
| বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন; |
|
| 14 |
|
| কারণ তিনি জানেন আমরা কীভাবে নির্মিত হয়েছি, তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো। |
|
| 15 |
|
| মরণশীল মানুষের জীবন ঘাসের মতো, মাঠের ফুলের মতো তারা ফুটে ওঠে; |
|
| 16 |
|
| তাদের উপর দিয়ে বায়ু বয়ে যায় আর তারা নিশ্চিহ্ন হয়, আর সেই স্থান তাদের আর মনে রাখে না। |
|
| 17 |
|
| কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে যারা তাকে সম্ভ্রম করে, এবং তাঁর ধার্মিকতা তাদের সন্তানসন্ততিদের প্রতি বর্তায়— |
|
| 18 |
|
| তাদের প্রতি যারা তাঁর নিয়ম পালন করে এবং তাঁর অনুশাসন পালন করার কথা মনে রাখে। |
|
| 19 |
|
| সদাপ্রভু তাঁর সিংহাসন স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন, আর তাঁর রাজ্য সবকিছুর উপরে শাসন করে। |
|
| 20 |
|
| সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতেরা, তোমরা যারা পরাক্রমী তাঁর পরিকল্পনা সম্পন্ন করো, তোমরা যারা তাঁর আদেশ পালন করো। |
|
| 21 |
|
| সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী, তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো। |
|
| 22 |
|
| সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি, তাঁর আধিপত্যের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো। |
|
|
|
|