×

Pobitro Baibel

জবুর শরীফ ১১৩

1
সদাপ্রভুর প্রশংসা হোক। হে সদাপ্রভুর দাসেরা, গৌরব কর; সদাপ্রভুর গৌরব কর।
2
সদাপ্রভুর নাম ধন্য হোক, এখন ও চিরকাল হোক।
3
সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত সদাপ্রভুর গৌরব হোক।
4
সমস্ত জাতি সদাপ্রভুর অধীন; আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা।
5
আর কে আছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত? তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন
6
আর নীচু হয়ে মহাকাশ ও পৃথিবীর দিকে তাকান।
7
তিনি ধুলা থেকে দুঃখীকে উঠান, আর অভাবীকে উঠান ময়লার স্তূপ থেকে;
8
যাতে তিনি উঁচু পদের লোকদের সংগে তাদের বসিয়ে দিতে পারেন, এমন কি, যারা তাঁর লোকদের মধ্যে উঁচু পদে আছে তাদের সংগে বসিয়ে দিতে পারেন।
9
তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে সংসারের পূর্ণ অধিকার দেন। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন