×

বাংলা বাইবেল (BSI)

জবুর শরীফ ১৩৬

1
তোমরা সদাপ্রভুর স্তব কর; কেননা তিনি মঙ্গলময়; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
2
ঈশ্বরগণের ঈশ্বরের স্তব কর; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
3
প্রভুদিগের প্রভুর স্তব কর; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
4
[তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য্য কর্ম্ম করেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
5
যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্ম্মাণ করিয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
6
যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
7
যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্ম্মাণ করিয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
8
যিনি দিনমানে কর্ত্তৃত্ব করণার্থে সূর্য্য গড়িয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
9
রাত্রিতে কর্ত্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
10
[তাঁহার স্তব কর,] যিনি প্রথমজাতদের সম্বন্ধে মিসরকে আঘাত করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
11
এবং তাহাদের মধ্য হইতে ইস্রায়েলকে বাহির করিয়া আনিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
12
বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
13
[তাঁহার স্তব কর,] যিনি সূফ-সাগরকে দ্বিভাগ করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
14
এবং তাহার মধ্য দিয়া ইস্রায়েলকে পার করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
15
কিন্তু ফরৌণ ও তাঁহার বাহিনীকে সূফ-সাগরে ঠেলিয়া দিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
16
[তাঁহার স্তব কর,] যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
17
যিনি মহান্‌ রাজগণকে আঘাত করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
18
প্রতাপান্বিত রাজগণকে বধ করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
19
ইমোরীয়দের রাজা সীহোনকে, —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
20
ও বাশনের রাজা ওগকে [বধ করিলেন]; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
21
এবং তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
22
নিজ দাস ইস্রায়েলকে অধিকার জন্য দিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
23
তিনি আমাদের হীনাবস্থায় আমাদিগকে স্মরণ করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
24
বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
25
তিনি সমস্ত প্রাণীকে আহার দেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
26
স্বর্গের ঈশ্বরের স্তব কর; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
Bengali Bible BSI 2016
2016 by The Bible Society of India
:
নোট সংরক্ষণ করুন