×

Kitabul Mukkadas

জবুর শরীফ ২২

1
আল্লাহ্‌ আমার, আল্লাহ্‌ আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ? আমাকে রক্ষা না করে, আমার কান্না-ভরা মুনাজাত না শুনে, কেন তুমি দূরে সরে রয়েছ?
2
হে আমার আল্লাহ্‌, দিনের বেলায় আমি তোমাকে ডাকি, কিন্তু তুমি জবাব দাও না; রাতেও আমি চুপ করে থাকি না।
3
কিন্তু তুমি পবিত্র; বনি-ইসরাইলদের প্রশংসার সিংহাসনে তুমি বসে আছ।
4
তোমার উপরেই ভরসা করতেন আমার পূর্বপুরুষেরা; তাঁরা ভরসা করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে।
5
তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন; তোমার উপর ভরসা করে তাঁরা লজ্জায় পড়তেন না।
6
কিন্তু আমি তো কেবল একটা পোকা, মানুষ নই; লোকে আমাকে টিট্‌কারি দেয় আর মানুষ আমাকে তুচ্ছ করে।
7
যারা আমাকে দেখে তারা সবাই আমাকে ঠাট্টা করে। তারা আমাকে মুখ ভেংগায়, আর মাথা নেড়ে বলে,
8
“ও তো মাবুদের উপর ভরসা করে, তাহলে তিনিই ওকে রক্ষা করুন; তিনিই ওকে উদ্ধার করুন, কারণ ওর উপর তিনি সন্তুষ্ট।”
9
মায়ের গর্ভ থেকে তুমিই আমাকে বের করে এনেছ; যখন আমি মায়ের দুধ খেতাম তখন তোমার উপর আমার নির্ভরতা তুমিই জাগিয়েছ।
10
জন্মের পরেই আমাকে তোমার হাতে দেওয়া হয়েছে; জন্ম থেকে তুমিই আমার আল্লাহ্‌ হয়েছ।
11
তুমি আমার কাছ থেকে দূরে থেকো না, কারণ আমার বিপদ কাছে এসে পড়েছে, আমার সাহায্যকারী কেউ নেই।
12
আমার চারপাশে রয়েছে যেন ষাঁড়ের দল; যেন বাশন দেশের শক্তিশালী ষাঁড়গুলো আমাকে ঘিরে ধরেছে।
13
শিকারের খোঁজে সিংহ যেমন গর্জন করে, তেমনি করে তারা আমার বিরুদ্ধে মুখ হাঁ করেছে।
14
আমাকে পানির মত করে ঢেলে ফেলা হয়েছে, আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে, আমার অন্তর মোমের মত হয়ে আমার ভিতরে গলে গলে পড়ছে।
15
মাটির পাত্রের শুকনা টুকরার মত আমার শক্তি শুকিয়ে এসেছে, আর আমার জিভ্‌ তালুতে লেগে যাচ্ছে; তুমি আমাকে কবরে শুইয়ে রেখেছ।
16
আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে; তারা আমার হাত ও পা বিঁধেছে।
17
আমার হাড়গুলো আমি গুণতে পারি; সেই লোকেরা আমাকে হাঁ করে দেখছে আর আমার দিকে তাকিয়ে আছে।
18
নিজেদের মধ্যে তারা আমার কাপড়-চোপড় ভাগ করছে আর আমার কোর্তার জন্য গুলিবাঁট করছে।
19
কিন্তু তুমি, হে মাবুদ, দূরে থেকো না; হে আমার শক্তি, আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এগিয়ে এস।
20
তলোয়ারের মুখ থেকে আমার প্রাণ, ঐ সব কুকুরদের থাবা থেকে আমার বহুমূল্য জীবন তুমি রক্ষা কর।
21
ঐ সব সিংহের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার কর। তুমি ঐ সব বুনো ষাঁড়ের শিংয়ের হাত থেকে আমাকে রক্ষা করলে।
22
ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করব আর সমাজের মধ্যে তোমার গুণগান করব।
23
তোমরা যারা মাবুদকে ভয় কর, তোমরা তাঁর প্রশংসা কর। ইয়াকুবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও। ইসরাইলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁর এবাদত কর।
24
দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিংবা অগ্রাহ্য করেন নি; তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি, বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।
25
বড় সভার মধ্যে আমার যে প্রশংসা তা তোমার কাছ থেকেই আসে; তোমার উপর যাদের ভয় আছে তাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।
26
নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে; যারা মাবুদের ইচ্ছামত চলে তারা তাঁর প্রশংসা করবে। তারা চিরকাল জীবিত থাকুক।
27
দুনিয়ার শেষ সীমার লোকেরাও তওবা করে মাবুদের কাছে আসবে; অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে সেজদা করবে।
28
জ্বী, রাজ্য মাবুদেরই; সব জাতির উপরে তিনিই বাদশাহ্‌।
29
দুনিয়ার ধনী লোকেরাও তখন তাঁর সামনে খাওয়া-দাওয়া করবে আর তাঁর এবাদত করবে; নিজের প্রাণ বাঁচাবার ক্ষমতা নেই বলে যাদের এক পা কবরে, তারাও তাঁকে সেজদা করবে।
30
ভবিষ্যৎ বংশধরেরা তাঁর এবাদত করবে, আর সেই যুগের লোকদের কাছে দীন-দুনিয়ার মালিকের বিষয় বলা হবে।
31
যাদের এখনও জন্ম হয় নি, তাদের কাছে গিয়ে লোকে তাঁর ন্যায্যতার কথা ঘোষণা করবে; বলবে, তিনিই এ কাজ করেছেন।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন