×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৩৪

1
আমি সব সময় মাবুদের প্রশংসা করব; আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে।
2
আমি মাবুদকে নিয়ে গর্ব করব; তা শুনে দুঃখীরা আনন্দ পাবে।
3
তোমরা আমার সংগে মাবুদের মহিমার কথা বল; এস, আমরা একসংগে তাঁর প্রশংসা করি।
4
আমি মাবুদকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন; আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন।
5
লোকে তাঁর দিকে যখন ঈমানের চোখে চায় তখন তাদের মুখ নূরানী হয়ে ওঠে; তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না।
6
এই হতভাগা মাবুদকে ডাকল; তিনি তার ডাকে সাড়া দিলেন আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন।
7
যারা মাবুদকে ভয় করে মাবুদের ফেরেশতা তাদের চারপাশে ছাউনি ফেলেন আর তাদের রক্ষা করেন।
8
স্বাদ নিয়ে দেখ মাবুদ মেহেরবান; ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়।
9
হে মাবুদের বান্দারা, তোমরা তাঁকে ভয় কর, কারণ যারা তাঁকে ভয় করে তাদের কোন কিছুরই অভাব হয় না।
10
যুব সিংহদের খাবারের অভাব হয়, তারা ক্ষুধায় কষ্ট পায়; কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলে তাদের ভাল জিনিসের অভাব হয় না।
11
ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন; আমি তোমাদের শিখাব কি করে মাবুদকে ভয় করতে হয়।
12
তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়? সুখভোগ করার জন্য কে অনেক দিন বেঁচে থাকতে চায়?
13
তাহলে সে জিভ্‌ দিয়ে খারাপ কথা না বলুক, আর ঠোঁট দিয়ে ছলনার কথা বের না করুক।
14
খারাপ কাজ থেকে দূরে থাক, ভাল কাজ কর; শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না।
15
যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে মাবুদের চোখ আছে; তাদের ডাক শোনার জন্য তাঁর কান খোলাই রয়েছে।
16
যারা খারাপ কাজ করে মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান, যাতে দুনিয়ার বুক থেকে তাদের নাম মুছে যায়।
17
যারা ন্যায় কাজ করে মাবুদ তাদের ফরিয়াদ শোনেন; সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।
18
যাদের মন ভেংগে গেছে মাবুদ তাদের কাছে থাকেন; যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।
19
যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও সেই সব থেকে মাবুদই তাকে উদ্ধার করেন।
20
তার সব হাড় তিনিই রক্ষা করেন, সেগুলোর একটাও ভাংগা হবে না।
21
অন্যায়কারীর মৃত্যু হবে খারাপীর হাতে; যারা ন্যায় কাজ করে তাদের ঘৃণাকারীদের শাস্তি হবে।
22
মাবুদই তাঁর গোলামদের মুক্ত করেন; যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তারা কেউই শাস্তি পাবে না।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন