×

পবিএ বাইবেল

জবুর শরীফ ৪

1
(গীতিকার বলেন) হে আমার ঈশ্বর, আমার রক্ষক তুমি, আমি ডাকলে তুমি সাড়া দিও। সঙ্কটে তুমি আমাকে দিয়েছ স্বস্তি, আমার প্রতি দয়া কর, নিবেদন শোন আমার।
2
(প্রভু পরমেশ্বর বলেন) হে মানব আর কতকাল অবমানিত হবে আমার মর্যাদা? কত কাল তোমরা মোহিত হবে স্তোকবাক্যে, ছুটে বেড়াবে অলীকের পিছনে? সেলা
3
(গীতিকার বলেন) মনে রেখ, প্রভু পরমেশ্বর তাঁর ভক্তকে করেছেন পৃথক আপন উদ্দেশ্য সাধনে, সাড়া দেন তিনি আমার ডাকে।
4
ক্রুদ্ধ হলেও লিপ্ত হয়ো না পাপে, শান্ত হও, শয্যায় নিভৃতে আপন মনে ভেবে দেখ সব কথা। সেলা
5
যথাযোগ্য বলি উৎসর্গ কর আস্থা রাখ প্রভু পরমেশ্বরে।
6
অনেকে প্রার্থনা করে, বলে, তুমি ছাড়া কে আমাদের মঙ্গল করতে পারে? হে প্রভু পরমেশ্বর বিকিরণ কর আমাদের উপর তোমার শ্রীমুখের জ্যোতি।
7
ফসল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে ওদের যে আনন্দ তার চেয়েও মহত্তর আনন্দে তুমি পূর্ণ করেছ আমার হৃদয়।
8
আমি শান্তিতে শয়ন করে নিদ্রামগ্ন হব কারণ হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাকে রেখেছ নিরাপদে।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন