×

Pobitro Baibel

জবুর শরীফ ৪

1
হে আমার ঈশ্বর, আমি যে তোমার ইচ্ছামত চলছি তা তুমি দেখিয়ে দিচ্ছ; আমি যখন তোমাকে ডাকব তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো। বিপদ আমাকে চেপে ধরেছে, কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ। আমার প্রতি দয়া কর, আমার প্রার্থনা শোন।
2
হে মানুষ, আর কতকাল তোমরা আমার সম্মানকে অসম্মান করবে? আর কতকাল তোমরা মিথ্যাকে ভালবাসবে আর অসত্যের পিছনে দৌড়াবে? [সেলা]
3
তোমরা জেনে রেখো, সদাপ্রভু তাঁর ভক্তদের তাঁর নিজের জন্য আলাদা করেছেন; আমি ডাকলে তিনি শুনবেন।
4
তোমরা উত্তেজিত হয়ে পাপ কোরো না। বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো আর চুপ করে থেকো। [সেলা]
5
যোগ্য মনোভাব নিয়ে তোমরা উৎসর্গের অনুষ্ঠান কোরো, আর সদাপ্রভুর উপর নির্ভর কোরো।
6
অনেকে বলে, “কে আমাদের মংগল করতে পারে?” হে সদাপ্রভু, তোমার দয়ার দৃষ্টি আলোর মত করে আমাদের উপর পড়ুক।
7
প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলে লোকদের যেমন আনন্দ হয়, তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।
8
হে সদাপ্রভু, তুমিই আমাকে নির্ভয়ে রাখছ, তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাব।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন