×

Pobitro Baibel

জবুর শরীফ ৫৬

1
হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে; সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।
2
আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে; অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে।
3
অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর নির্ভর করব।
4
যাঁর বাক্যের গুণ আমি গাই, সেই ঈশ্বরের উপরে, হ্যাঁ, সেই ঈশ্বরের উপরেই আমি নির্ভর করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
5
তারা সব সময় আমার কথার খারাপ অর্থ করে আর আমার ক্ষতি করার মতলবে থাকে।
6
তারা একসংগে জড়ো হয়, আমার জন্য ওৎ পেতে থাকে; আমাকে মেরে ফেলার সুযোগের জন্য তারা আমার চলাফেরা লক্ষ্য করে।
7
অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না? হে ঈশ্বর, তুমি ক্রোধে জাতিদের ধ্বংস কর।
8
আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান; আমার চোখের জল দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও। এ সবই তো তোমার বইয়ে লেখা আছে।
9
যেদিন আমি তোমাকে ডাকব, সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে; আমি জানি ঈশ্বর আমার পক্ষে আছেন।
10
ঈশ্বর, যাঁর বাক্যের গুণ আমি গাই, সদাপ্রভু, যাঁর বাক্যের আমি গুণগান করি,
11
আমি তাঁর উপরেই নির্ভর করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
12
হে ঈশ্বর, তোমার কাছে যে মানত করেছি আমি তা পূরণ করতে বাধ্য; আমি তোমার কাছে কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করব;
13
কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ, যাতে জীবনের আলোতে আমি ঈশ্বরের সামনে চলাফেরা করতে পারি।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন