1
হে ঈশ্বর, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর; আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতে তাদের নাগালের বাইরে তুলে রাখ।
2
যারা মন্দ কাজ করে বেড়ায় তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর; খুনীদের হাত থেকে আমাকে বাঁচাও।
3
তারা আমার জন্য ওৎ পেতে আছে, ভয়ংকর লোকেরা আমার উপর আক্রমণ শুরু করেছে; হে সদাপ্রভু, তা আমার কোন অন্যায় বা পাপের জন্য নয়।
4
আমি কোন দোষ করি নি, তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
5
হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো; দুষ্ট বিশ্বাসঘাতকদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
6
তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে, আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
7
দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে, তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে; তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”
8
কিন্তু হে সদাপ্রভু, তাদের দেখে তুমি হাসছ আর সেই সব জাতিকে বিদ্রূপ করছ।
9
তারা শক্তিশালী বলে আমি তোমার অপেক্ষায় থাকব, কারণ হে ঈশ্বর, তুমিই আমার দুর্গ।
10
ঈশ্বর তাঁর অটল ভালবাসার জন্য আমার কাছে আসবেন, আমার শত্রুদের পরাজয় আমাকে দেখতে দেবেন।
11
হে প্রভু, আমাদের ঢাল, আমার শত্রুদের তুমি মেরে ফেলো না, তাহলে আমার লোকদের এ সব মনে থাকবে না। তুমি বরং তোমার শক্তিতে তাদের এমন কর যাতে তারা এখানে-সেখানে ঘুরে বেড়ায়; তুমি তাদের পরাজিত কর।
12
তাদের মুখের পাপে আর ঠোঁটের কথায় যে অভিশাপ ও মিথ্যা রয়েছে, তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।
13
তুমি ক্রোধে তাদের ধ্বংস কর, ধ্বংস কর যাতে তারা আর না থাকে; এতে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত সবাই জানবে, ঈশ্বরই যাকোবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
14
তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে, আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
15
তারা খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়; পেট না ভরলে তারা সারা রাতই জেগে কাটায়।
16
কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে গান করব, আর সকালে আনন্দে তোমার অটল ভালবাসার গান গাইব; কারণ তুমিই আমার দুর্গ, বিপদ কালের আশ্রয়-স্থান।
17
হে ঈশ্বর, আমার শক্তি, আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব। তুমিই আমার দুর্গ; তুমিই সেই ঈশ্বর, আমার জন্য যাঁর অটল ভালবাসা আছে।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000