×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৬৪

1
হে আল্লাহ্‌, তুমি আমার নালিশের কথা শোন; তুমি শত্রুর ভয় থেকে আমার প্রাণ বাঁচাও।
2
দুষ্টদের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমাকে বাঁচাও; যারা খারাপ কাজ করে বেড়ায় সেই লোকদের চেঁচামেচি থেকে আমাকে বাঁচাও।
3
তারা যেন তলোয়ারের মত করে জিভে শান দিয়ে রেখেছে, তাদের তেতো কথার তীর ধনুকে লাগিয়ে রেখেছে;
4
যাতে গোপন জায়গা থেকে নির্দোষ লোকের দিকে সেই তীর তারা ছুঁড়তে পারে; তারা হঠাৎ তা ছোঁড়ে, ভয় করে না।
5
তাদের খারাপ পরিকল্পনা তারা পাকাপোক্ত করে নেয়, আর গোপনে ফাঁদ পাতার পরামর্শ করে; তারা বলে, “কেউ ওদিকে নজর দেবে না।”
6
তারা অন্যায় করার মতলব এঁটে বলে, “আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।” সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতার নাগাল পাওয়া যায় না।
7
কিন্তু আল্লাহ্‌ তাদের উপর তীর ছুঁড়বেন; হঠাৎ তীর বিঁধে তারা পড়ে যাবে।
8
তাদের জিভ্‌ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে; তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।
9
তখন সকলের মনে ভয় জাগবে; আল্লাহ্‌ যা করেছেন তারা তা ঘোষণা করবে আর সেই কথা ভাববে।
10
আল্লাহ্‌ভক্ত লোকেরা মাবুদকে নিয়ে আনন্দ করবে এবং তাঁরই মধ্যে আশ্রয় নেবে; অন্তরে যারা সৎ তারা তাঁর প্রশংসা করবে।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন