×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৭৩

1
যাদের অন্তর খাঁটি সেই বনি-ইসরাইলদের পক্ষে আল্লাহ্‌ সত্যিই মেহেরবান।
2
কিন্তু আমি প্রায় পড়ে গিয়েছিলাম; আমার পা প্রায় পিছলে গিয়েছিল।
3
আমি দেখলাম, দুষ্টেরা খুব সুখে আছে, সেজন্য ঐ সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল;
4
কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় না আর তাদের শরীরও খুব মোটাসোটা থাকে।
5
অন্য লোকেরা যেমন বিপদে পড়ে তেমনি তারা বিপদে পড়ে না; অন্যেরা যেমন কষ্ট ভোগ করে তেমনি তারা কষ্ট ভোগ করে না।
6
সেজন্য অহংকার হয় তাদের গলার হার, আর জুলুম হয় তাদের গায়ের কাপড়।
7
চর্বির ঠেলায় তাদের চোখ বেরিয়ে এসেছে; তাদের মনের কুমতলব উপ্‌চে পড়ছে।
8
তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে; অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়।
9
তারা বেহেশতের বিরুদ্ধে কথা বলে আর সারা দুনিয়ায় তাদের বড় বড় কথা ছড়িয়ে পড়ে।
10
সেজন্য আল্লাহ্‌র বান্দারা খারাপ পথে ফিরে যায় আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।
11
তারা বলে, “আল্লাহ্‌ কি করে জানবেন? আল্লাহ্‌তা’লার মধ্যে জ্ঞান বলতে কি কিছু আছে?”
12
এরাই হল সেই দুষ্ট লোকেরা যারা আরামে থেকে ধন-সম্পত্তি বাড়িয়েছে।
13
আমার দিলকে আমি মিছামিছি খাঁটি রেখেছি, আমার হাত মিথ্যাই আমি নির্দোষ রেখেছি।
14
সারা দিন ধরে আমি কষ্ট ভোগ করেছি; প্রতিদিন সকাল বেলায় শাস্তি পেয়েছি।
15
যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম, তবে এই কালের তোমার বান্দাদের কাছে আমি বেঈমান হতাম।
16
আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলাম তখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;
17
কিন্তু যখন আমি আল্লাহ্‌র পবিত্র জায়গায় গেলাম তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
18
তুমি সত্যিই তাদের পিছলা জায়গায় রেখেছ আর ধ্বংসের মধ্যে ফেলেছ।
19
কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায় আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়।
20
ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ্ন যেমন তুচ্ছ হয়ে যায়, তেমনি হে মালিক, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।
21
যখন আমার মন তেতো হয়ে উঠেছিল আর অন্তরে আঘাত লেগেছিল,
22
তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলাম আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম।
23
তবুও আমি সব সময় তোমার সংগেই আছি; তুমিই আমার ডান হাত ধরে রেখেছ।
24
তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে, আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।
25
বেহেশতে তুমিই আমার সব; তোমাকে পেয়ে দুনিয়াতেও আমার চাওয়ার আর কিছু নেই।
26
আমার শরীর ও মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ্‌ আমার দিলের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ।
27
যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে, তারা শেষ হয়ে যাবে; যারা তোমার প্রতি বেঈমান তুমি তাদের ধ্বংস করে ফেলবে।
28
কিন্তু আল্লাহ্‌র সংগে থাকা আমার জন্য ভাল; আল্লাহ্‌ মালিককে আমি আমার আশ্রয়স্থান করেছি, যেন তাঁর সব কাজের কথা আমি প্রচার করতে পারি।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন