|
| 1 |
|
| আমি চিৎকার করে আল্লাহ্র কাছে কাঁদছি; আমি আল্লাহ্র কাছে চিৎকার করছি যেন তিনি তা শুনে জবাব দেন। |
|
| 2 |
|
| বিপদের দিনে আমি মালিককে ডাকলাম; রাতের বেলা আমার হাত দু’টা আল্লাহ্র দিকে বাড়ানোই থাকত, আমি ক্লান্ত হতাম না; আমার অন্তর সান্ত্বনা পেত না। |
|
| 3 |
|
| আমি যখন আল্লাহ্র কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম; ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা] |
|
| 4 |
|
| তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে; আমি খুব অস্থির হয়ে পড়তাম, তাই কথাও বলতে পারতাম না। |
|
| 5 |
|
| অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম, ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা। |
|
| 6 |
|
| রাতের বেলায় আমার সব কাওয়ালীর কথা আমার মনে পড়ত; আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতাম আর মনে মনে প্রশ্ন করতাম- |
|
| 7 |
|
| মালিক কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন? তিনি কি আমাদের আর কখনও রহমত করবেন না? |
|
| 8 |
|
| তাঁর অটল মহব্বত কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল? তাঁর ওয়াদাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল? |
|
| 9 |
|
| আল্লাহ্ কি রহমত করতে ভুলে গেলেন? তিনি কি রাগে তাঁর মমতা বন্ধ করে দিলেন? [সেলা] |
|
| 10 |
|
| আমি বললাম, “এটাই আমার দুঃখ যে, আল্লাহ্তা’লার ডান হাতখানা বদলে গেছে।” |
|
| 11 |
|
| মাবুদের সব কাজের কথা আমি মনে করব; হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করা কুদরতি কাজের কথা। |
|
| 12 |
|
| তোমার সমস্ত কাজের বিষয়ে আমি ধ্যান করব; তোমার সব কাজের কথা ভেবে দেখব। |
|
| 13 |
|
| হে আল্লাহ্, তোমার চলার পথ পবিত্র; আমাদের আল্লাহ্র মত মহান কি কোন দেবতা আছে? |
|
| 14 |
|
| তুমিই সেই আল্লাহ্ যিনি কুদরতি দেখিয়ে থাকেন; সব জাতির মধ্যে তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ। |
|
| 15 |
|
| তুমি তোমার বান্দা ইয়াকুব ও ইউসুফের বংশধরদের তোমার শক্ত হাতে মুক্ত করেছ। [সেলা] |
|
| 16 |
|
| হে আল্লাহ্, সাগরের পানি তোমাকে দেখেছিল; তোমাকে দেখে পানি অস্থির হয়ে উঠল, তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল। |
|
| 17 |
|
| মেঘ পানি ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল; তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্কাতে লাগল। |
|
| 18 |
|
| ঘূর্ণিঝড়ে তোমার বাজের শব্দ শোনা গেল, তোমার বিদ্যুতের ঝলক্ দুনিয়া আলোময় করল; দুনিয়া কাঁপল ও টলমল করে উঠল। |
|
| 19 |
|
| সাগরের মধ্য দিয়ে তুমি পথ করে দিলে, গভীর পানির মধ্য দিয়ে তুমি পথ করে দিলে, কিন্তু তোমার পায়ের চিহ্ন সেখানে দেখা যায় নি। |
|
| 20 |
|
| মূসা ও হারুনকে দিয়ে ভেড়ার পালের মত করে তুমি তোমার বান্দাদের চালিয়ে নিয়ে গিয়েছিলে। |
|
|
|
|