×

পবিএ বাইবেল

জবুর শরীফ ৭৯

1
হে ঈশ্বর, শত্রুদল তোমার এলাকায় প্রবেশ করেছে, অশুচি করেছে তোমার পবিত্র মন্দির, জেরুশালেমকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।
2
তোমার সেবকদের শব তারা খাদ্যরূপে দিয়েছে আকাশের পাখিদের পৃথিবীর পশুপালকে দিয়েছ তোমার ভক্তদের দেহ।
3
প্রবাহিত করেছে রক্তধারা জেরুশালেমের বুকে, মৃতদেহ সৎকারের জন্য অবশিষ্ট ছিল না কেউ।
4
প্রতিবেশীদের কাছে আমরা আজ ঘৃণাস্পদ সকলের পরিহাস ও বিদ্রূপের পাত্র হয়েছি আমরা।
5
হে প্রভু, আর কতকাল? তুমি কি নিরন্তর ক্রুদ্ধ হয়েই থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মতই জ্বলতে থাকবে?
6
যারা তোমায় জানে না যারা আরাধনা করে না তোমার, তাদের উপরই বর্ষণ কর তোমার রোষাগ্নি।
7
কারণ তারাই যাকোবকে করেছে গ্রাস, ধ্বংস করেছে তার বসতি।
8
করো না আরোপ আমাদের উপর পিতৃপুরুষের অপরাধ, ত্বরায় বর্ষিত হোক তোমার করুণাধারা আমাদের উপর, নিমজ্জিত আমরা আজ হতাশার অন্ধকারে।
9
হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, তোমার নামের মহিমার জন্য সহায়তা কর আমাদের। তোমার নামের গুণে আমাদের উদ্ধার কর, মার্জনা কর আমাদের যত অপরাধ।
10
শত্রুদল কেন বলবে, ‘কোথায় ওদের ঈশ্বর?’ তোমার সেবকদের রক্তপাতের প্রতিফল আমাদের সাক্ষাতেই লাভ করুক তারা।
11
বন্দীদের আর্তনাদ পৌঁছাক তোমার কাছে আপন বাহুর মহাপরাক্রমে মৃত্যুপথযাত্রীদের বাঁচাও তুমি।
12
হে প্রভু পরমেশ্বর আমাদের প্রতিবেশীরা যেভাবে বিদ্রূপ করেছে তোমায় তার সাতগুণ বিদ্রূপে জর্জরিত কর তাদের।
13
তাহলে আমরা, তোমার প্রজা ও তোমার চারণের মেষপাল চিরকাল তোমায় জানাব কৃতজ্ঞতা পুরুষানুক্রমে কীর্তন করব তোমার মহিমা।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন