×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৮

1
হে মাবুদ, আমাদের মালিক, সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ; বেহেশতে তোমার মহিমা তুমি স্থাপন করেছ।
2
ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকে তুমি শক্তির কেল্লা করেছ; তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ, যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের তুমি থামিয়ে দিতে পার।
3
আমি যখন তোমার হাতে গড়া আসমানের দিকে তাকাই আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি,
4
তখন ভাবি, মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর? মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?
5
তুমি মানুষকে ফেরেশতার চেয়ে সামান্য নীচু করেছ; রাজতাজ হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান।
6
তোমার হাতের সৃষ্টির শাসনভার তুমি তারই হাতে দিয়েছ আর তার পায়ের তলায় রেখেছ এই সব-
7
গরু ও ভেড়ার পাল আর দুনিয়ার অন্য সব পশু,
8
আকাশে উড়ে বেড়ানো পাখী, সাগরের মাছ আর সাগর-পথে ঘুরে বেড়ানো অন্য সব প্রাণী।
9
হে মাবুদ, আমাদের মালিক, সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন