×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৮৮

1
হে আল্লাহ্‌, আমার উদ্ধারকর্তা মাবুদ, আমি দিনরাত তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি।
2
তোমার সামনে আমার মুনাজাত উপস্থিত হোক; তুমি আমার ফরিয়াদ শোন;
3
কারণ আমার অন্তর দুঃখে ভরা; আমার প্রাণ প্রায় কবরের কাছে চলে গেছে।
4
যারা কবরে যাবে তাদের মধ্যেই আমাকে ধরা হয়েছে; শক্তিশালী হয়েও যে শক্তিহীন হয়ে পড়েছে আমি তারই মত হয়েছি।
5
আমাকে যেন মৃতদের মধ্যে ফেলে রাখা হয়েছে; আমি মেরে ফেলা, কবরে শুয়ে থাকা লোকদের মতই হয়েছি, যাদের কথা তুমি আর মনেও কর না, যারা তোমার সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
6
তুমি আমাকে কবরের সবচেয়ে নীচু জায়গায় রেখেছ, রেখেছ অন্ধকারময় গভীর জায়গায়।
7
তোমার রাগ আমার উপরে চেপে বসে আছে; তোমার সমস্ত গজবের ঢেউ দিয়ে তুমি আমাকে তলিয়ে দিচ্ছ। [সেলা]
8
আমার নিজের লোকদের আমার কাছ থেকে তুমি সরিয়ে নিয়েছ; তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ। আমি আট্‌কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;
9
দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্‌সা হয়ে গেছে। হে মাবুদ, প্রতিদিন আমি তোমাকে ডাকি; আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।
10
যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি কুদরতি দেখাও? মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]
11
কবরের মধ্যে কি তোমার অটল মহব্বত আর দোজখে কি তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা হবে?
12
অন্ধকার স্থানে কি তোমার কুদরতি বুঝা যাবে? যে দেশের লোকদের লোকে ভুলে যায় সেখানে কি তোমার ন্যায় কাজ বুঝা যাবে?
13
হে মাবুদ, আমি, আমি তোমার কাছে সাহায্যের জন্য কাঁদি; সকাল বেলায় তোমার কাছে আমার মুনাজাত পৌঁছায়।
14
হে মাবুদ, কেন তুমি আমাকে ত্যাগ করছ? তোমার মুখ আমার কাছ থেকে কেন লুকিয়ে রাখছ?
15
ছেলেবেলা থেকেই আমি দুঃখের মধ্যে পড়ে আছি আর মৃত্যুর মুখোমুখি হয়ে আছি। তোমার ভয়ানক শাস্তি আমার উপর নেমে আসছে; আমি বড়ই অসহায়।
16
তোমার ভয়ংকর রাগ আমার উপর দিয়ে বয়ে গেছে; তোমার ভয়-জাগানো আঘাত আমাকে শেষ করে দিয়েছে।
17
সেগুলো পানির মত করে সারা দিন আমাকে ঘিরে রেখেছে, আমাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছে।
18
আমার সংগী যারা, প্রিয় যারা, তাদের তুমি আমার কাছ থেকে নিয়ে গেছ; এখন অন্ধকারই আমার বন্ধু।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন