×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৯৬

1
তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও; দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও।
2
মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা কর; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার কর।
3
বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমার কথা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব অলৌকিক কাজের কথা ঘোষণা কর।
4
মাবুদই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব-দেবীর চেয়ে তিনি বেশী ভয় জাগান।
5
বিভিন্ন জাতির দেব-দেবী অসার মাত্র, কিন্তু মাবুদ আসমানের সৃষ্টিকর্তা।
6
তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; তাঁর পবিত্র ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য।
7
হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি মাবুদেরই।
8
তোমরা স্বীকার কর সমস্ত গৌরব মাবুদের; কোরবানীর জিনিস নিয়ে তাঁর উঠানে এস।
9
মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর; দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।
10
বিভিন্ন জাতির মধ্যে ঘোষণা কর, “মাবুদই বাদশাহ্‌। দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না; তিনি ন্যায়ভাবে সব জাতিকে শাসন করবেন।”
11
আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক; সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;
12
মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক। তাহলে বনের সব গাছপালাও আনন্দে গান করবে;
13
তারা মাবুদের সামনে গান করবে, কারণ তিনি আসছেন। তিনি দুনিয়ার বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন