×

Pobitro Baibel

জবুর শরীফ ৯৭

1
সদাপ্রভুই রাজা; পৃথিবী আনন্দ করুক, দূর-দূরান্তের অসংখ্য দ্বীপ খুশী হোক।
2
তাঁর চারপাশে মেঘ ও অন্ধকার দিয়ে ঘেরা; সততা ও ন্যায়বিচারের উপর তাঁর সিংহাসন দাঁড়িয়ে আছে।
3
তাঁর আগে আগে চলছে আগুন; সেই আগুন তাঁর চারদিকের সব শত্রুদের পুড়িয়ে ফেলছে।
4
তাঁর বিদ্যুতের ঝলকে জগৎ আলোময় হয়েছিল; তা দেখে পৃথিবী কেঁপেছিল।
5
সদাপ্রভুর সামনে, সমস্ত দুনিয়ার প্রভুর সামনে পাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল।
6
মহাকাশ তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে, আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।
7
যারা মূর্তিপূজা করে আর দেব-দেবতা নিয়ে বড়াই করে তারা সবাই লজ্জায় পড়ুক; সদাপ্রভুর সামনে দেব-দেবীরা মাথা নীচু করুক।
8
হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচারের কথা শুনে সিয়োন আনন্দিত হয়েছে, যিহূদার গ্রামগুলো খুশী হয়েছে।
9
হে সদাপ্রভু, তুমি সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর; সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।
10
যারা সদাপ্রভুকে ভালবাসে তারা অন্যায়কে ঘৃণা করুক; তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।
11
ঈশ্বরভক্তদের জীবনে আলো দেওয়া হয়, আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়।
12
হে ঈশ্বরভক্ত লোকেরা, সদাপ্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় হন। তোমরা তাঁর পবিত্রতার গৌরব কর।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন