×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৯৮

1
তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও, কারণ তিনি অনেক অলৌকিক চিহ্ন দেখিয়েছেন; তাঁর শক্তি, হ্যাঁ, তাঁর পবিত্র মহাশক্তি দিয়ে তিনি উদ্ধার করেছেন।
2
মাবুদ তাঁর উদ্ধারের কাজ দেখিয়ে দিয়েছেন; সমস্ত জাতির সামনে তাঁর ন্যায়ের কাজ প্রকাশ করেছেন।
3
ইসরাইল জাতির জন্য তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততার কথা তিনি মনে রেখেছেন; আমাদের আল্লাহ্‌র উদ্ধারের কাজ সমস্ত দুনিয়ার লোকেরা দেখেছে।
4
দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে আনন্দধ্বনি কর; আনন্দ-গানে ফেটে পড় ও প্রশংসার কাওয়ালী গাও।
5
বীণা বাজিয়ে আর সুন্দর সুরে মাবুদের উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও।
6
তূরী বাজিয়ে আর শিংগার আওয়াজে বাদশাহ্‌ মাবুদের সামনে আনন্দধ্বনি কর।
7
সাগর ও তার মধ্যেকার সব কিছু আনন্দে চিৎকার করুক; দুনিয়া ও দুনিয়াতে বাসকারীরা আনন্দে চিৎকার করুক।
8
সমস্ত নদী হাততালি দিয়ে আনন্দ করুক; পাহাড়-পর্বত একসংগে মিলে আনন্দে কাওয়ালী করুক।
9
মাবুদের সামনেই তারা তা করুক, কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন সৎ ভাবে।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন