×

Pobitro Baibel

জবুর শরীফ ৯৯

1
সদাপ্রভুই রাজা; সমস্ত জাতি কেঁপে উঠুক। তিনি করূবদের উপরে সিংহাসনে বসে আছেন; পৃথিবী টলমল করুক।
2
সিয়োনে বাসকারী সদাপ্রভু মহান; সমস্ত জাতি তাঁর অধীন।
3
সেই জাতিরা তাঁর গৌরব করুক; তিনি মহান ও ভক্তিপূর্ণ ভয়-জাগানো ঈশ্বর; তিনি পবিত্র।
4
যে রাজা ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকে তুমিই অটল করেছ, যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন। তুমিই যাকোবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।
5
আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর; তাঁর পা-দানির সামনে উবুড় হয়ে তাঁকে শ্রদ্ধা জানাও; তিনি পবিত্র।
6
তাঁর পুরোহিতদের মধ্যে ছিলেন মোশি ও হারোণ; যাঁরা তাঁর কাছে প্রার্থনা করতেন তাঁদের মধ্যে ছিলেন শমূয়েল। মোশি, হারোণ ও শমূয়েল সদাপ্রভুকে ডাকতেন আর তিনি তাঁদের উত্তর দিতেন।
7
তিনি মেঘের থামের মধ্য থেকে তাঁদের কাছে কথা বলতেন; তাঁরা তাঁর বাক্য ও তাঁর দেওয়া আদেশ পালন করতেন।
8
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি তাঁদের ডাকে সাড়া দিতে; তুমি তাঁদের ক্ষমাময় ঈশ্বর ছিলে, যদিও তাঁদের অন্যায়ের শাস্তি দিতে তুমি ছাড় নি।
9
সেইজন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর; তাঁর পবিত্র পাহাড়ের সামনে তাঁকে শ্রদ্ধা জানাও, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন