পরে তারা এলীম থেকে যাত্রা করলো। আর মিসর দেশ থেকে প্রস্থান করার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে বনি-ইসরাইলদের সমস্ত দল সীন মরুভূমিতে উপস্থিত হল, তা এলীমের ও তুর পর্বতের মধ্যবর্তী।
আর বনি-ইসরাইলেরা তাঁদেরকে বললো, হায়, হায়, আমরা মিসর দেশে মাবুদের হাতে কেন মরি নি? তখন মাংসের হাঁড়ির কাছে বসতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করতাম, তোমরা তো এ দলটিকে ক্ষুধায় মেরে ফেলবার জন্য আমাদেরকে বের করে এই মরুভূমিতে নিয়ে এসেছো।
তখন মাবুদ মূসাকে বললেন, দেখ, আমি তোমাদের জন্য বেহেশত থেকে খাদ্যদ্রব্য বর্ষণ করবো। লোকেরা বাইরে গিয়ে প্রতিদিন সেই দিনের খাদ্য কুড়াবে; এভাবে, তারা আমার শরীয়ত অনুসারে চলবে কি না, এভাবে আমি তাদের পরীক্ষা নেব।
পরে মূসা বললেন, মাবুদ সন্ধ্যা-বেলায় ভোজন করার জন্য তোমাদেরকে গোশ্ত দেবেন ও খুব ভোরে তৃপ্ত না হওয়া পর্যন্ত খাদ্য দেবেন। মাবুদের বিরুদ্ধে তোমরা যে অভিযোগ করছো, তা তিনি শুনেছেন। আমরা কে? তোমরা যে অভিযোগ করছো তা আমাদের বিরুদ্ধে নয়, মাবুদেরই বিরুদ্ধে করা হচ্ছে।
আমি বনি-ইসরাইলদের অভিযোগ শুনেছি; তুমি তাদেরকে বল, সন্ধ্যাবেলা তোমরা গোশ্ত ভোজন করবে ও খুব ভোরে রুটিতে তৃপ্ত হবে; তখন জানতে পারবে যে, আমি মাবুদ, তোমাদের আল্লাহ্।
এরই বিষয়ে মাবুদ এই হুকুম দিয়েছেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ ভোজনশক্তি অনুসারে তা কুড়াও; তোমরা প্রত্যেকে নিজ নিজ তাঁবুর লোকদের সংখ্যা অনুসারে একেক জনের জন্য একেক ওমর পরিমাণে এগুলো কুড়াও।
পরে ওমরে তা মাপা হলে, যে বেশি সংগ্রহ করেছিল, তার অতিরিক্ত হল না এবং যে অল্প সংগ্রহ করেছিল, তার অভাব হল না; তারা প্রত্যেকে নিজ নিজ ভোজন ক্ষমতা অনুসারে কুড়িয়েছিল।
তখন তিনি তাঁদেরকে বললেন, মাবুদ তা-ই বলেছিলেন; আগামীকাল বিশ্রামবার, মাবুদের উদ্দেশে পবিত্র বিশ্রামবার; তোমাদের যা ভেজে নেবার ভেজে নাও ও যা রান্না করার রান্না কর; আর যা অতিরিক্ত, তা সকাল বেলার জন্য তুলে রাখ।
দেখ, মাবুদই তোমাদেরকে বিশ্রামবার দিয়েছেন, তাই তিনি ষষ্ঠ দিনে দুই দিনের খাদ্য তোমাদেরকে দিয়ে থাকেন; তোমাদের প্রত্যেক জন নিজ নিজ স্থানে থাক; সপ্তম দিনে কেউ নিজের স্থান থেকে বাইরে যাবে না।
পরে মূসা বললেন, মাবুদ এই হুকুম করেছেন, তোমরা তোমাদের বংশধরদের জন্য এগুলো থেকে এক ওমর পরিমাণ তুলে রেখো, যাতে আমি তোমাদেরকে মিসর দেশ থেকে নিয়ে আসবার সময় মরুভূমির মধ্যে যে রুটি ভোজন করাতাম তারা তা দেখতে পায়।
বনি-ইসরাইলেরা চল্লিশ বছর, যে পর্যন্ত বসতি-এলাকায় উপস্থিত না হল, সেই পর্যন্ত সেই মান্না ভোজন করলো; সেই দেশের সীমাতে উপস্থিত না হওয়া পর্যন্ত তারা মান্না খেতো।