মোশির শ্বশুর যিথ্রো ছিলেন মিদিয়নীদের পুরোহিত। ঈশ্বর মোশির জন্য ও তাঁর প্রজা ইসরায়েলীদের জন্য যা করেছিলেন এবং মিশর থেকে যেভাবে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের উদ্ধার করে এনেছিলেন তার সমস্ত বিবরণ যিথ্রো শুনেছিলেন।
মোশি তাঁর স্ত্রী সিপ্পোরাকে পিতৃগৃহে পাঠিয়ে দেওয়ার পর যিথ্রো তাঁর স্ত্রী ও দুই পুত্রকে নিজের কাছেই রেখেছিলেন। প্রবাসে ছিলেন বলে মোশি তাঁর এক পুত্রের নাম রেখেছিলেন গেরশোম (প্রবাসী)।
আর তাঁর পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর সহায় হয়েছিলেন এবং ফারাও-এর আক্রমণের হাত থেকে তাঁকে রক্ষা করেছিলেন বলে তিনি তাঁর আর এক পুত্রের নাম রেখেছিলেন ইলিয়েসর (ঈশ্বর আমার সহায়)।
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের উদ্ধারের জন্য ফারাও ও মিশরীদের কি দশা করেছেন এবং পথে যে সব সঙ্কটের সম্মুখীন তাঁরা হয়েছেন এবং সেই সঙ্কট থেকে প্রভু পরমেশ্বর কিভাবে তাদের উদ্ধার করেছেন, সে সব কথা মোশি তাঁকে বললেন।
তিনি বললেন, ধন্য প্রভু পরমেশ্বর, যিনি তোমাদের ফারাও ও মিশরীদের কবল থেকে উদ্ধার করেছেন। আমি এখন জানলাম যে দেবতাদের মধ্যে প্রভু পরমেশ্বরই শ্রেষ্ঠ, কারণ তিনি মিশরের ঔদ্ধত্য ও উৎপীড়ন থেকে ইসরায়েলীদের নিষ্কৃতি দিয়েছেন।
মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশে বলিদান ও হোম করলেন। হারোণ ও ইসরায়েলীদের প্রবীণ নেতারা মোশির শ্বশুরের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে সেই পবিত্র খাদ্য গ্রহণ করলেন।
মোশি যে ভাবে ইসরায়েলীদের বিচার-সালিশী করেছিলেন, তাই দেখে তাঁর শ্বশুর বললেন, জনসাধারণের কাজ তুমি এ ভাবে করছ কেন? কেন তুমি একা বসে বিচার করছ? সেই জন্যই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকে ভীড় করে তোমার কাছে দাঁড়িয়ে থাকছে।
এ ভাবে কাজ করলে তুমি নিজেও হয়রান হবে আর তোমার সঙ্গের এই লোকজনকেও হয়রান করবে। কারণ এই কাজ তোমার সাধ্যের অতিরিক্ত, তোমার একার পক্ষে এই দায়িত্ব পালন করা অসম্ভব।
তুমি আমার কথা শোন, আমি তোমাকে সুপরামর্শই দেব, আর ঈশ্বরও তোমার সঙ্গে থাকবেন। তুমি হবে ঈশ্বরের কাছে জনসাধারণের প্রতিনিধি। তুমিই তাদের সমস্ত সমস্যা ঈশ্বরের কাছে উপস্থিত করবে।
কিন্তু তুমি এই লোকদের মধ্য থেকে কর্মকুশল, ঈশ্বরভক্ত, বিশ্বস্ত ও দুর্নীতি ঘৃণা করে এমন কিছু লোককে বেছে নিয়ে পর্যায়ক্রমে তাদের এক হাজার একশো এবং পঞ্চাশ জনের নায়ক পদে নিযুক্ত কর।
তারাই সাধারণতঃ লোকের বিচার-সালিশী করবে। কোন কঠিন সমস্যার উদ্ভব হলে তারা তা তোমার কাছে উপস্থিত করবে, ছোটখাট সমস্যার সমাধান তারাই করবে। তারা তোমার কাজে অংশগ্রহণ করলে তোমার দায়িত্বভার কিছুটা লাঘব হবে।
তারা স্থায়ীভাবে লোকের বিচার-সালিশী করতে লাগল। কোন কঠিন সমস্যা দেখা দিলে তারা তা মোশির কাছে উপস্থিত করত, কিন্তু ছোটখাট ব্যাপারের নিষ্পত্তি তারা নিজেরাই করে নিত।