সংখ্যাগরিষ্ঠ লোকজনের দ্বারা প্রভাবিত হয়ে তোমরা দুষ্কর্মে প্রবৃত্ত হবে না কিম্বা বিচার স্থলে সাক্ষ্য দেওয়ার সময় সংখ্যাগুরুদের পক্ষ অবলম্বন করে তোমরা ন্যায় বিচারে বিভ্রান্তি ঘটাবে না।
কিন্তু সপ্তম বছরে তোমরা জমি পতিত রাখবে। আপনা থেকে জমিতে যা উৎপন্ন হবে তা গরীবেরা ভোগ করবে এবং বাকী যা থাকবে তা হবে বনের পশুদের খাদ্য। তোমাদের দ্রাক্ষা ও জলপাইয়ের বাগিচা সম্পর্কেও একই নিয়ম পালন করবে।
ছয়দিন তোমরা কাজ করবে, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করবে। তাহলে তোমাদের বলদ ও গাধাগুলিও বিশ্রাম পাবে এবং তোমাদের পরিবারের দাস ও বিদেশী মজুরেরাও বিশ্রামের পর সতেজ হয়ে নতুন শক্তি লাভ করবে।
তোমরা খামিরবিহীন রুটি ভোজনের পর্ব পালন করবে। আমার নির্দেশ অনুযায়ী সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে। আবিব মাসের নির্দিষ্ট তারিখে তোমরা এই পর্ব পালন করবে, কারণ ঐ মাসেই তোমরা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলে। শূন্য হাতে তোমরা কেউ আমার কাছে উপস্থিত হবে না।
বীজ বপন করার পর জমি থেকে উৎপন্ন ফসল প্রথম যখন তোমরা সংগ্রহ করবে, তখন ফসল কাটার উৎসব পালন করবে। বছরের শেষে বাগিচার ফল যখন তোমরা ঘরে তুলবে তখন ফল তোলার উৎসব করবে।
তোমরা বলির রক্তের সঙ্গে খামিরমিশ্রিত কোন দ্রব্য আমার উদ্দেশে উৎসর্গ করবে না। আমার সম্মানে অনুষ্ঠিত উৎসবে আহুতির মেদ তোমরা রাত কাটিয়ে ভোর পর্যন্ত রাখবে না।
তোমাদের জমিতে উৎপন্ন প্রথম ফসলের সেরা অংশ তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরে নিয়ে আসবে। তোমরা ছাগবৎসের মাংস তারই মাতার দুগ্ধে সিদ্ধ করবে না।
যাত্রাপথে তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য এবং তোমাদের জন্য যে স্থান আমি নির্দিষ্ট করে রেখেছি সেখানে নিয়ে যাওয়ার জন্য আমার দূতকে আমি তোমাদের অগ্রণী করে পাঠাচ্ছি।
তাঁকে তোমরা শ্রদ্ধা কর, তাঁর কথা শুনো। তাঁর বিরুদ্ধাচরণ করো না, তাহলে তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। কারণ তিনি আমারই প্রেরিত দূত। আমার ক্ষমতা তাকে আমি অর্পণ করেছি।
আমার দূত তোমাদের অগ্রবর্তী হয়ে তোমাদের ইমোরীয়, হিত্তীয়, পেরিষীয়, কনানীয়, হিব্বীয়, যিবুষীয় প্রভৃতি জাতিসমূহের দেশে নিয়ে যাবেন এবং আমি তাদের ধ্বংস করব।
তোমরা তাদের দেবতাদের সম্মুখে প্রণিপাত করবে না বা তাদের আরাধনা করবে না। তোমরা তাদের আচার-অনুষ্ঠান অনুকরণ করবে না। তাদের নিঃশেষে ধ্বংস করবে এবং ভেঙ্গে ফেলবে তাদের শিলাস্তম্ভগুলিও।
তোমাদের পুরােভাগে থেকে আমি সকলের মনে ত্রাসের সঞ্চার করব। যাত্রাপথে যে সব জাতির সম্মুখীন হবে তোমরা, তাদের আমি ছত্রভঙ্গ করে দেব। তোমাদের শত্রুপক্ষকে পৃষ্ঠপ্রদর্শন করতে বাধ্য করব আমি।
লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এবং প্রান্তর থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত তোমাদের দেশের সীমা আমি নির্দিষ্ট করে দেব। এই দেশের অধিবাসীদের আমি তোমাদের হাতে সমর্পণ করব। তোমরা তাদের বিতাড়িত করবে।
তারা যাতে আমার বিরুদ্ধে পাপাচরণে তোমাদের প্ররোচিত করতে না পারে, সেই জন্যই তোমাদের দেশে তাদের বাস করতে দেবে না। অন্যথায় তোমরা তাদের দেবতাদের পূজা অর্চনা করবে আর তা-ই হবে তোমাদের পতনের ফাঁদস্বরূপ।