আর তুমি আমার ইমাম হবার জন্য বনি-ইসরাইলদের মধ্য থেকে তোমার ভাই হারুন ও তার সঙ্গে তার পুত্রদেরকে তোমার কাছে উপস্থিত করবে। হারুন এবং হারুনের পুত্র নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামরকে উপস্থিত করবে।
এসব পোশাক তারা প্রস্তুত করবে— বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, চিত্রিত কোর্তা, পাগড়ী ও কোমরবন্ধনী; তারা আমার ইমামের কাজ করার জন্য তোমার ভাই হারুনের ও তার পুত্রদের জন্য পবিত্র পোশাক প্রস্তুত করবে।
এবং তা জোড়া লাগানোর জন্য বুনানি করা যে পটুকা তার উপরে থাকবে, তা তার সঙ্গে অখণ্ড এবং সেই কাপড়ের মত হবে; অর্থাৎ সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে তৈরি করতে হবে।
আর বনি-ইসরাইলদের স্মরণ করার মণিস্বরূপে তুমি সেই দু’টি মণি এফোদের দু’টি স্কন্ধপটিতে দেবে; তাতে হারুন স্মরণ করাবার জন্য মাবুদের সম্মুখে তার দু’টি কাঁধে তাদের নাম বইবে।
এই মণি ইসরাইলের পুত্রদের নাম অনুযায়ী হবে, তাদের নাম অনুসারে বারোটি হবে; সীলমোহর খোদাই করার মত খোদিত প্রত্যেক মণিতে ঐ বারো বংশের জন্য একেক পুত্রের নাম থাকবে।
তাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ থেকে খসে না পড়ে, এজন্য তারা কড়াতে নীল রংয়ের সুতা দিয়ে এফোদের কড়ার সঙ্গে বুকপাটা আট্কে রাখবে।
যে সময়ে হারুন পবিত্র স্থানে প্রবেশ করবে, সেই সময় মাবুদের সম্মুখে নিয়মিতভাবে স্মরণ করাবার জন্য সে বিচার করার বুকপাটাতে ইসরাইলের পুত্রদের নাম তার বুকের উপরে বহন করবে।
আর সেই বিচার করার বুকপাটায় তুমি ঊরীম ও তুম্মীম [আলো ও সিদ্ধতা] দেবে; তাতে হারুন যে সময়ে মাবুদের সম্মুখে প্রবেশ করবে, সেই সময় হারুনের বুকের উপরে তা থাকবে এবং হারুন মাবুদের সম্মুখে বনি-ইসরাইলদের বিচার নিয়মিত ভাবে তার বুকের উপরে বইবে।
আর হারুন পরিচর্যা করার জন্য এই পোশাক পরবে; তাতে সে যখন মাবুদের সম্মুখে পবিত্র স্থানে প্রবেশ করবে ও সেই স্থান থেকে যখন বের হবে, তখন ঘণ্টার আওয়াজ শোনা যাবে; তাতে সে মরবে না।
আর তা হারুনের কপালের উপরে থাকবে, তাতে বনি-ইসরাইলরা তাদের সমস্ত পবিত্র দানে যে সমস্ত দ্রব্য পবিত্র করবে, হারুন সেসব পবিত্র দ্রব্যের অপরাধ বহন করবে এবং তারা যেন মাবুদের কাছে গ্রাহ্য হয়, এজন্য তা সব সময় তার কপালের উপরে থাকবে।
আর যখন হারুন ও তার পুত্ররা জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে, কিংবা পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য কোরবানগাহ্র নিকটবর্তী হবে, সেই সময় যেন অপরাধ বয়ে না মারা যায়, এজন্য তারা এই পোশাক পরবে। এটি হারুন ও তার ভাবী বংশের পালনীয় চিরস্থায়ী নিয়ম।