×

Kitabul Mukkadas

মেসাল ২৬

1
গ্রীসমকালে তুষার কিংবা ফসল কাটবার সময় বৃষ্টি যেমন উপযুক্ত নয়, তেমনি বিবেচনাহীন লোকের পক্ষে সম্মানও উপযুক্ত নয়।
2
চড়াই কিংবা খঞ্জন পাখী যেমন এদিক ওদিক উড়ে বেড়ায়, তেমনি অকারণে দেওয়া বদদোয়াও নেমে আসে না।
3
ঘোড়ার জন্য চাবুক, গাধার গলার জন্য লাগাম, আর বিবেচনাহীনদের পিঠের জন্য লাঠি।
4
প্রয়োজন বোধে বিবেচনাহীনকে তার বোকামি অনুসারে জবাব দিয়ো না, জবাব দিলে তুমিও তার মত হয়ে যাবে।
5
প্রয়োজন বোধে বিবেচনাহীনের বোকামি অনুসারে জবাব দিয়ো, তা না হলে সে তার নিজের চোখে নিজেকে জ্ঞানী মনে করবে।
6
যে লোক বিবেচনাহীনের হাতে খবর পাঠায় সে যেন নিজের পা কেটে ফেলে এবং বিপদ ডেকে আনে।
7
খোঁড়া লোকের ঝুলতে থাকা পা যেমন অকেজো, বিবেচনাহীনের মুখে সৎ উপদেশও তেমনি।
8
যে লোক গুল্‌তিতে পাথর বেঁধে রাখে সে এমন লোকের মত যে বিবেচনাহীনকে সম্মান করে।
9
মাতালের হাতে ফুটে যাওয়া কাঁটা যেমন, তেমনি বিবেচনাহীনের মুখে সৎ উপদেশ।
10
একজন ধনুকধারী যেমন এলোপাতাড়ি তীর ছুঁড়ে সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই লোক, যে বিবেচনাহীনকে কিংবা পথের লোককে কাজে লাগায়।
11
কুকুর যেমন নিজের বমির দিকে ফেরে, তেমনি বিবেচনাহীন লোকও আবার বোকামি করে।
12
তুমি কি এমন লোককে দেখেছ যে তার নিজের চোখে জ্ঞানী? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
13
অলস বলে, “পথে সিংহ আছে; ভয়ংকর একটা সিংহ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।”
14
কব্‌জায় যেমন দরজা ঘোরে তেমনি অলস তার বিছানাতে ঘোরে।
15
অলস থালায় হাত ডুবায়, হাতটা মুখে তুলতেও তার আলসেমি লাগে।
16
যারা চিন্তা-ভাবনা করে জবাব দেয় তেমন সাতজন লোকের চেয়ে অলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।
17
পথে যেতে যেতে যে লোক অন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়, সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।
18
যে পাগল জ্বলন্ত কাঠ বা তীর ছোঁড়ে যার ফলে মৃত্যু হতে পারে সেই পাগল যেমন,
19
তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করে আর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”
20
আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়; নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।
21
জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলে আর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়, তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্য ঝগড়াটে লোক।
22
নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত; মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।
23
মাটির পাত্রের উপরে যেমন খাদ মিশানো রূপার প্রলেপ, যার অন্তর খারাপ তার ভালবাসার কথাও তেমনি।
24
ঘৃণাকারী মুখ দিয়ে ভান করে, কিন্তু অন্তরে পোষে ছলনা।
25
তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না, কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।
26
তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকে তবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।
27
যে লোক গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়ে; যে লোক পাথর গড়িয়ে দেয় তার উপরেই সেটা ফিরে আসে।
28
মিথ্যাবাদী তার জিভ্‌ দিয়ে যাদের আঘাত করেছে তাদের সে ঘৃণা করে, আর খোশামুদে মুখ অন্যের সর্বনাশ ডেকে আনে।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন