|
| 1 |
|
| সন্তানেরা, বাবার উপদেশে কান দাও, বিচারবুদ্ধি লাভ করবার দিকে মনোযোগ দাও। |
|
| 2 |
|
| আমি তোমাদের ভাল শিক্ষা দিচ্ছি, সেইজন্য আমার নির্দেশের অবাধ্য হোয়ো না। |
|
| 3 |
|
| আমিও তো আমার বাবার ছেলে ছিলাম, মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম। |
|
| 4 |
|
| তখন বাবা আমাকে শিক্ষা দিয়ে বলতেন, “তোমার সমস্ত অন্তর দিয়ে আমার কথা ধরে রেখো; আমার আদেশ মেনে চোলো, তাতে বাঁচবে। |
|
| 5 |
|
| জ্ঞান লাভ কর, বিচারবুদ্ধি লাভ কর; আমার কথা ভুলে যেয়ো না, তা থেকে সরে যেয়ো না। |
|
| 6 |
|
| জ্ঞানকে ত্যাগ কোরো না, সে-ই তোমাকে রক্ষা করবে; তাকে ভালবেসো, সে-ই তোমার উপর নজর রাখবে। |
|
| 7 |
|
| জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হল জ্ঞান লাভ করা; তোমার যা কিছু আছে সব দিয়ে বিচারবুদ্ধি লাভ কর। |
|
| 8 |
|
| জ্ঞানকে প্রধান স্থান দাও, সে-ই তোমাকে উঁচুতে তুলবে; তাকে জড়িয়ে ধর, সে তোমাকে সম্মান দেবে। |
|
| 9 |
|
| সে তোমার মাথার উপর দেবে সুন্দর মালা আর উপহার দেবে সৌন্দর্যের মুকুট।” |
|
| 10 |
|
| ছেলে আমার, শোন, আমার কথা তোমার অন্তরে রাখ, তাতে তুমি অনেক বছর বেঁচে থাকবে। |
|
| 11 |
|
| আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি, সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি। |
|
| 12 |
|
| তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না, দৌড়াবার সময় উছোট খাবে না। |
|
| 13 |
|
| উপদেশ ধরে রাখ, ছেড়ে দিয়ো না; তা রক্ষা কর, কারণ ওটাই তোমার জীবন। |
|
| 14 |
|
| দুষ্টদের পথে তুমি পা দিয়ো না, মন্দ লোকদের পথে হেঁটো না। |
|
| 15 |
|
| সেই পথ তুমি এড়িয়ে যাও, তার উপর দিয়ে তুমি হেঁটো না; সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও; |
|
| 16 |
|
| কারণ মন্দ কাজ না করলে দুষ্টদের ঘুম হয় না; কাউকে উছোট খাওয়াতে না পারলে তাদের ঘুম আসে না। |
|
| 17 |
|
| দুষ্টতা হল তাদের খাবার আর অত্যাচার হল তাদের মদ। |
|
| 18 |
|
| ঈশ্বরভক্তদের পথ ভোরের প্রথম আলোর মত, যা দুপুর না হওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হতে থাকে। |
|
| 19 |
|
| কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মত; তারা জানে না কিসে তারা উছোট খায়। |
|
| 20 |
|
| ছেলে আমার, আমি যা বলছি তাতে মন দাও, আমার কথায় কান দাও। |
|
| 21 |
|
| কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিয়ো না, তোমার অন্তরের মধ্যে তা রেখে দিয়ো। |
|
| 22 |
|
| যারা এই রকম করে তাদের জন্য তা হয় জীবন, তা তাদের স্বাস্থ্যবান করে। |
|
| 23 |
|
| সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশী করে পাহারা দিয়ে রাখ, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে। |
|
| 24 |
|
| তোমার মুখ থেকে বাঁকা কথা দূর করে দাও, ঠোঁট থেকে খারাপ কথা দূরে সরিয়ে দাও। |
|
| 25 |
|
| তোমার চোখ যেন সোজা সামনে তাকায়, তোমার চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রাখ। |
|
| 26 |
|
| তোমার চলবার পথ সমান কর, তাতে তোমার পথ তুমি স্থির করতে পারবে। |
|
| 27 |
|
| ডানে কিম্বা বাঁয়ে ফিরো না; মন্দ থেকে তোমার পা দূরে রেখো। |
|
|
|
|