বাতাসকে যেমন ধরে রাখবার ক্ষমতা কারও নেই এবং যুদ্ধের সময় যেমন কেউ ছুটি পায় না, তেমনি মৃত্যুর দিনের উপরেও কারও হাত নেই। দুষ্টদের দুষ্টতাও তা থেকে তাদের রক্ষা করতে পারে না।
কাজেই আমি জীবনে আমোদ-প্রমোদের প্রশংসাই করছি, কারণ সূর্যের নীচে খাওয়া-দাওয়া ও আনন্দ করা ছাড়া মানুষের জন্য ভাল আর কিছু নেই। তাহলে সূর্যের নীচে আল্লাহ্র দেওয়া মানুষের জীবনের সমস্ত দিনগুলোতে তার কাজে আনন্দই হবে তার সংগী।
জ্ঞান পাবার জন্য এবং দুনিয়াতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম তখন দেখলাম, একজন মানুষের চোখ যদি দিন্তেরাতে বন্ধ না-ও হয় তবুও সূর্যের নীচে আল্লাহ্ যা করেছেন তা সে সম্পূর্ণ বুঝতে পারে না। মানুষ তা খুঁজে বের করবার জন্য সব রকমে চেষ্টা করলেও তা বের করতে পারে না। এমন কি, একজন জ্ঞানী লোকও যদি তা জানে বলে দাবি করে তবুও সে সত্যিই সম্পূর্ণ বুঝতে পারে না।