×

পবিত্র বাইবেল (কেরী ভার্সন

সোলায়মান ২

1
আমি শারোণের গোলাপ, উপত্যকার শোশন পুষ্প।
2
যেমন কণ্টকবনের মধ্যে শোশন পুষ্প, তেমনি যুবতীগণের মধ্যে আমার প্রিয়া।
3
যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গবৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁহার ছায়াতে বসিলাম, তাঁহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল।
4
তিনি আমাকে পান-শালাতে লইয়া গেলেন, আমার উপরে প্রেমই তাঁহার পতাকা হইল।
5
তোমরা দ্রাক্ষাপূপ দ্বারা আমাকে সুস্থির কর, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ জুড়াও; কেননা আমি প্রেম-পীড়িতা।
6
তাঁহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকে, তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করে।
7
অয়ি যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদের দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজিত করিও না, যে পর্যন্ত তাহার বাসনা না হয়।
8
ঐ মম প্রিয়ের রব! দেখ, তিনি আসিতেছেন, পর্বতগণের উপর দিয়া, উপপর্বতগণের উপর দিয়া লম্ফে ঝম্ফে আসিতেছেন।
9
আমার প্রিয় মৃগের ও হরিণশাবকের সদৃশ; দেখ, তিনি আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন, বাতায়ন দিয়া উকি মারিতেছেন, জালি দিয়া কটাক্ষ করিতেছেন।
10
আমার প্রিয় কথা কহিলেন, আমাকে বলিলেন, ‘অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরি! আইস;
11
কারণ দেখ, শীতকাল অতীত হইয়াছে, বর্ষা শেষ হইয়াছে, চলিয়া গিয়াছে,
12
ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে, [পক্ষিগণের] গানের সময় হইয়াছে, আমাদের দেশে ঘুঘুর রব শুনা যাইতেছে।
13
ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে, সেইগুলি সৌরভ বিস্তার করিতেছে। অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরি! আইস।
14
অয়ি মম কপোতি! তুমি শৈলের ফাটলে, ভূধরের গুপ্ত স্থানে রহিয়াছ, আমাকে তোমার রূপ দেখিতে দেও, তোমার স্বর শুনিতে দেও, কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর।’
15
তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধর, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে; কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে।
16
আমার প্রিয় আমারই, আর আমি তাঁহারই; তিনি শোশন পুষ্পবনে [আপন পাল] চরান।
17
যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, হে আমার প্রিয়! তাবৎ তুমি ফিরিয়া আইস, আর মৃগের কিম্বা হরিণশাবকের সদৃশ হও, বেথর পর্বতশ্রেণীর উপরে।
Bengali 2023
2023 Bangladesh Bible Society.
:
নোট সংরক্ষণ করুন