সদাপ্রভু যাকোব কুলের প্রতি সহানুভূতি দেখাবেন; আর একবার তিনি ইস্রায়েলকে বেছে নেবেন এবং তাদের স্বদেশে তাদের অধিষ্ঠিত করবেন। বিদেশিরা তাদের সঙ্গে যোগ দেবে এবং যাকোব কুলের সঙ্গে সংযুক্ত হবে।
অন্যান্য জাতি তাদের নিয়ে তাদের স্বদেশে পৌঁছে দেবে। আর ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশে জাতিসমূহকে তাদের দাস-দাসীরূপে অধিকার করবে। তারা তাদের বন্দিকারীদের বন্দি করবে এবং তাদের পীড়নকারীদের উপরে শাসন করবে।
নিম্নস্থ পাতাল তোমার আগমনে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়েছে; তোমাকে স্বাগত জানানোর জন্য এ তার মৃতজনেদের আত্মাকে তুলে পাঠায় তারা প্রত্যেকেই ছিল এই জগতের এক একজন নেতা। যারা জাতিসমূহের উপরে রাজা ছিল, এ তাদের সিংহাসন থেকে তুলে দাঁড় করায়।
তুমি মনে মনে বলেছিলে, “আমি স্বর্গে আরোহণ করব; ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে, আমি আমার সিংহাসন তুলে ধরব; আমি সমাগম পর্বতে, উত্তর দিকের দূরতম প্রান্তে, আমার সিংহাসনে উপবিষ্ট হব।
কিন্তু তুমি প্রত্যাখ্যাত বৃক্ষশাখার মতো তোমার কবর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়েছ। যারা তরোয়ালের দ্বারা বিদ্ধ হয়েছিল, তুমি সেই নিহতদের শবে ঢাকা পড়েছ, যাদের পাথরের স্তূপের মধ্যে গর্তে নামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে কোনো মৃতদেহকে পদদলিত করা হয়।
তাদের পিতৃপুরুষদের পাপসমূহের জন্য, তার সন্তানদের হত্যা করার জন্য স্থান প্রস্তুত করো; দেশের অধিকার ভোগ করার জন্য তারা আর উঠবে না, নগর পত্তনের দ্বারা তারা আর পৃথিবী আচ্ছন্ন করবে না।
“আমি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াব,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি ব্যাবিলন থেকে তার ও তার বেঁচে থাকা লোকদের নাম, তার সন্তানসন্ততি ও বংশধরদের নাম মুছে ফেলব,” সদাপ্রভু এই কথা বলেন।
আমি স্বদেশে আসিরীয়দের চূর্ণ করব; আমার পর্বতগুলির উপরে, আমি তাকে পদদলিত করব। আমার প্রজাদের উপর থেকে তার জোয়াল সরিয়ে ফেলা হবে, তাদের কাঁধ থেকে তার বোঝা অপসারিত হবে।”
ফিলিস্তিনীরা, যে লাঠি দ্বারা তোমাদের আঘাত করেছিল, তা ভেঙেছে বলে তোমরা উল্লসিত হোয়ো না; কারণ সেই মূল-সাপ থেকে এক কালসাপ নির্গত হবে, জ্বলন্ত উড়ন্ত নাগই হবে তার গর্ভফল।
দরিদ্রদের মধ্যে দরিদ্রতম চারণভূমি পাবে, আর নিঃস্ব-অভাবী মানুষেরা নিরাপদে বিশ্রাম করবে। কিন্তু তোমার মূল আমি দুর্ভিক্ষে ধ্বংস করব; তোমার বেঁচে থাকা লোকদের ধ্বংস করব।
ওহে তোরণদ্বার, বিলাপ করো! ওহে নগর, একটানা আর্তনাদ করো! ফিলিস্তিনী তোমরা সবাই গলে যাও! উত্তর দিক থেকে এক ধোঁয়ার মেঘ আসছে, তাদের সৈন্যশ্রেণীর একজনও স্থানচ্যূত হয় না।