শেষকালে এরকম ঘটবে; মাবুদের গৃহের পর্বত পর্বতমালার মস্তক হিসেবে স্থাপিত হবে, উপপর্বতগুলো থেকে উঁচুতে তোলা হবে এবং সমস্ত জাতি তার দিকে স্রোতের মত প্রবাহিত হবে।
আর অনেক দেশের লোক যাবে, বলবে, চল, আমরা মাবুদের পর্বতে, ইয়াকুবের আল্লাহ্র গৃহে গিয়ে উঠি; তিনি আমাদেরকে নিজের পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁর পথে গমন করবো, কারণ সিয়োন থেকে শরীয়ত ও জেরুশালেম থেকে মাবুদের কালাম বের হবে।
আর তিনি জাতিদের বিচার করবেন এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিষ্পত্তি করবেন; আর তারা নিজ নিজ তলোয়ার ভেঙ্গে লাঙ্গলের ফাল গড়বে ও নিজ নিজ বর্শা ভেঙ্গে কাস্তে গড়বে; এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না, তারা আর যুদ্ধ শিখবে না।
বস্তুত তুমি নিজের লোকদের, ইয়াকুবের কুলকে ত্যাগ করেছ, কারণ তারা পূর্বদেশের প্রথায় পরিপূর্ণ ও ফিলিস্তিনীদের মত গণক হয়েছে এবং বিজাতি সন্তানদের হাতে হাত মিলিয়েছে।
আর সকল মূর্তি নিঃশেষে বিলুপ্ত হবে। আর লোকেরা শৈলের গুহা ও ধূলির গর্তে প্রবেশ করবে, মাবুদের ভয়ংকরতার দরুন ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন, যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।