মন্দির দণ্ডায়মান রয়েছে যে পর্বতের উপরে, সেই পর্বত একদিন সকল পর্বতশ্রেণীর চেয়ে হবে উচ্চতম, সকল গিরিশৃঙ্গের উপরে শোভা পাবে সেই পর্বতশৃঙ্গ। স্রোত ধারার মত সমস্ত জাতির মানুষ আসবে তার কাছে,
তারা বলবে, চল আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই। তিনি আমাদের কাছে কি চান সেই বিষয়ে তিনি শিক্ষা দেবেন আমাদের। আমরা চলব তাঁরই নির্দেশিত নির্দিষ্ট পথে। কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে প্রভু পরমেশ্বরের বিধি বিধান জেরুশালেম থেকে তিনি তাঁর প্রজাদের সঙ্গে কথা বলেন।
তিনি নিষ্পত্তি করবেন মহাজাতিপুঞ্জের বিবাদ। তারা তাদের তরবারি ভেঙ্গে লাঙ্গল গড়বে, বর্শা ভেঙ্গে গড়বে কাস্তে। জাতিবৃন্দ আর কখনও যুদ্ধে লিপ্ত হবে না প্রস্তুতিও নেবে না যুদ্ধের জন্য।
হে ঈশ্বর, তুমি তোমার প্রজাদের, যাকোবের বংশধরদের পরিত্যাগ করেছ! প্রাচ্যদেশ ও ফিলিস্তিয়ার যাদুবিদ্যা ও মন্ত্র-তন্ত্রে পূর্ণ হয়েছে এ দেশ । বিদেশীদের সঙ্গে হাত মিলিয়েছে এদেশের মানুষ।
প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে আত্মরক্ষার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য তোমরা লুকাও পর্বতের গুহায়, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা কর!
মানুষের দর্প চূর্ণ হবে, তার ঔদ্ধত্য ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সমস্ত অলীক প্রতিমা অদৃশ্য হয়ে যাবে এবং একমাত্র প্রভু পরমেশ্বর সেইদিন গৌরব ও মহিমায় ভূষিত হবেন।
প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বতের গুহায় লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা করবে! তিনি যখন আসবেন পৃথিবী কেঁপে উঠবে।
প্রভু পরমেশ্বরের আগমনকালে দুলে উঠবে ধরণী। লোকে তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও প্রতাপের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বত কন্দরে লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে লুকাবার চেষ্টা করবে।