×

পবিএ বাইবেল

ইশাইয়া ২২

1
দর্শন উপত্যকা সম্বন্ধে দৈববাণী হলঃ এ সব কি হচ্ছে? নগরীর লোকেরা বাড়ির ছাদের উপরে গিয়ে উৎসব করছে?
2
সমগ্র নগরী মত্ত কোলাহলে পূর্ণ হয়েছে, সকলে উত্তেজনা ও কলরবে অধীর। নগরীর লোকেরা, যারা যুদ্ধে নিহত হয়েছে, তারা কিন্তু যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করে নি।
3
তোমার সমস্ত নেতা যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছে এবং পলায়নকালে বাণ নিক্ষেপ করার আগেই বন্দী হয়েছে।
4
এবার আমায় একটু একা থাকতে দাও, আমি আমার মত স্বজনদের জন্য কাঁদতে চাই। আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করো না।
5
দর্শন উপত্যকায় এখন আতঙ্ক, পরাজয় আর বিপর্যয় নেমে এসেছে। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং আমাদের উপরে এই দুর্দৈব পাঠিয়েছেন। আমাদের নগর প্রাকার ভেঙ্গে ফেলা হয়েছে। সাহায্যের জন্য আর্তক্রন্দনের আওয়াজ পর্বতরাজির বুকে ধ্বনিত হচ্ছে।
6
এলম দেশ থেকে অশ্বারোহী ধনুর্দ্ধর সৈন্যবাহিনী ছুটে এসেছে। কীর দেশের সৈনিকেরা ঢাল হাতে প্রস্তুত হয়ে আছে।
7
যিহুদীয়ার উর্বর ক্ষেত্র অসংখ্য রথে পূর্ণ। জেরুশালেমের নগর তোরণগুলির সামনে সুসজ্জিত অশ্বারোহী সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে।
8
যিহুদীয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। তখন তুমি অস্ত্রাগার থেকে অস্ত্র বার করে নিয়ে এলে।
9
জেরুশালেমের প্রাচীরের যে সমস্ত স্থান মেরামত করা প্রয়োজন, সেগুলি খুঁজে বার করলে। জেরুশালেমের সমস্ত ঘরবাড়ী পরিদর্শন করলে এবং তার মধ্যে কিছু বাড়ী ভেঙ্গে ফেললে, তার পাথরগুলি নগরের প্রাচীর মেরামতের কাজে লাগাবে বলে। জল ধরে রাখবার জন্য।
10
11
তুমি নগরের ভেতরে একটা বাঁধ তৈরী করলে যাতে পুরানো দীঘি থেকে বয়ে আসা জল ঐ বাঁধে এসে জমা হয়। কিন্তু ঈশ্বরের দিকে তুমি মনোযোগ দিলে না, যে ঈশ্বর বহুকাল আগে এ সবের পরিকল্পনা করেছিলেন এবং এ সব ঘটনা ঘটিয়েছিলেন।
12
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তখন তোমাকে মস্তক মুণ্ডন করে, চটের বস্ত্র পরে ক্রন্দন ও বিলাপ করার জন্য আহ্বান জানালেন।
13
কিন্তু তার পরিবর্তে তুমি আমোদ প্রমোদ আর উৎসবে মেতে উঠলে। ভোজের জন্য মেষ ও বৃষ হনন করলে এবং সুরায় গা ভাসিয়ে দিলে। বললে, এস আমরা পান ভোজনে আনন্দ করি, আগামী কাল তো আমাদের মরতেই হবে!
14
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর স্বয়ং আমাকে বলেছেন, যতদিন এরা বাঁচবে, কোনদিন এদের এই অপরাধের ক্ষমা হবে না। আমি, সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
15
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে রাজপরিবারের অধ্যক্ষ শেব্‌নার কাছে গিয়ে তাকে বলতে বললেনঃ
16
তুমি নিজেকে কি মনে করেছ? পাহাড়ের গায়ে নিজের জন্য কবর খোদাই করার কি অধিকার তোমার আছে?
17
তুমি বিশিষ্ট ব্যক্তি হতে পার কিন্তু প্রভু পরমেশ্বর তোমাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেবেন।
18
তিনি তোমাকে বলের মত তুলে নিয়ে বিশাল এক দেশে ছুঁড়ে ফেলে দেবেন। যে রথরাশির জন্য তোমার এত গর্ব, সেখানে সেই রথের পাশেই তোমার মৃত্যু হবে। তুমি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ।
19
প্রভু পরমেশ্বর তোমাকে পদচ্যুত করবেন, উচ্চ পদমর্যাদা থেকে একেবারে নীচে নামিয়ে আনবেন।
20
প্রভু পরমেশ্বর শেবনাকে বলেছেন, সেদিন আমি হিল্কিয়ের পুত্র, আমার ভক্ত দাস ইলিয়াকিমকে ডাকব।
21
তোমার পদমর্যাদার পোষাক ও কোমরবন্ধনী তাকে পরাব এবং এতদিন যে কর্তৃত্বভার তোমার হাতে ছিল, সব তার হাতে তুলে দেব। সে জেরুশালেম ও যিহুদীয়ার অধিবাসীদের পিতৃতুল্য হবে।
22
দাউদকুলের পূর্ণ কর্তৃত্ব আমি তার হাতে দেব। রাজ্য শাসনের সমস্ত চাবিকাঠি তার হাতে থাকবে। সে যা খুলবে, তা কেউ বন্ধ করতে পারবে না আর যা বন্ধ করবে, তা কেউ খুলতে পারবে না।
23
একটি পেরেকের মত মজবুত করে আমি তাকে সেই জায়গায় পুঁতে দেব। সে হবে তার পিতৃকুলের গৌরবের উৎসস্বরূপ।
24
কিন্তু তার সমস্ত আত্মীয় স্বজন ও নির্ভরশীল ব্যক্তিরা তার বোঝা হয়ে দাঁড়াবে। একটি পেরেকে ছোট-বড় নানা পাত্র যে ভাবে ঝোলে, সেইভাবে তারাও তার উপরে সব ভার ছেড়ে দেবে।
25
তখন শক্ত করে পোঁতা সেই পেরেকের গোড়া আলগা হয়ে আসবে এবং পড়ে যাবে। তার উপরে ভার দিয়ে এতদিন যা কিছু ঝুলছিল, সেদিন সব শেষ হয়ে যাবে। প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন