1
সেই দিন এহুদা দেশে এই কাওয়ালীটি গাওয়া হবে: আমাদের একটা শক্ত শহর আছে; আল্লাহ্র দেওয়া উদ্ধার হবে তার দেয়াল ও রক্ষার ব্যবস্থা।
2
তোমরা দরজা খুলে দাও যাতে সৎ ও বিশ্বস্ত সেই জাতি ঢুকতে পারে।
3
যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে, কারণ সে তোমার উপর ভরসা করে।
4
তোমরা চিরদিনের জন্য মাবুদের উপর ভরসা কর, কারণ মাবুদ, সেই মাবুদই চিরস্থায়ী আশ্রয়-পাহাড়।
5
যারা উঁচুতে বাস করে তাদের তিনি নীচুতে নামান; সেই উঁচু শহরকে তিনি ধ্বংস করে নীচু করেন। তিনি তা মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেন।
6
অত্যাচারিত ও গরীবেরা তা পায়ে মাড়ায়।
7
আল্লাহ্ভক্ত লোকদের পথ সমান থাকে; হে ন্যায়বান, তুমি আল্লাহ্ভক্তদের পথ সমান করে থাক।
8
জ্বী, মাবুদ, আমরা তোমার ন্যায় পথে চলে তোমার জন্য অপেক্ষা করে আছি; আমরা চাই যেন তুমি তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশিত হও।
9
রাতে আমার প্রাণ তোমার জন্য কাঁদে; আমার রূহ্ তোমার জন্য আকুল হয়। দুনিয়াতে তোমার ন্যায়বিচার আসলে পর দুনিয়ার লোক সততা শিক্ষা পাবে।
10
দুষ্টদের দয়া দেখানো হলেও তারা সততা শিক্ষা করে না; এমন কি, ন্যায়ের দেশেও তারা অন্যায় করতে থাকে আর মাবুদের গৌরব স্বীকার করে না।
11
হে মাবুদ, তোমার হাত তুমি উঁচুতে উঠিয়েছ, কিন্তু তারা তা দেখে না। তোমার বান্দাদের জন্য তোমার আগ্রহ তারা দেখুক এবং লজ্জিত হোক; আগুন তোমার শত্রুদের পুড়িয়ে ফেলুক।
12
হে মাবুদ, আমাদের জন্য তুমি শান্তি স্থাপন করবে; কারণ আমরা যা করতে পেরেছি তা সবই তুমি আমাদের জন্য করেছ।
13
হে আল্লাহ্, আমাদের মাবুদ, তুমি ছাড়া অন্য মালিকেরাও আমাদের উপর কর্তা হয়েছিল, কিন্তু কেবল তোমাকেই আমরা স্বীকার করি।
14
তারা এখন মরে গেছে, আর বেঁচে নেই; তাদের রূহ্গুলো আর বেঁচে উঠবে না। তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছ; তাদের বিষয় তুমি একেবারে মুছে ফেলেছ।
15
হে মাবুদ, তুমি এই জাতিকে বড় করেছ; এই জাতিকে বড় করে তুমি গৌরব লাভ করেছ; তুমি দেশের সমস্ত সীমা বাড়িয়ে দিয়েছ।
16
হে মাবুদ, কষ্টের সময় তারা তোমাকে দেখেছিল; তোমার কাছ থেকে শাস্তি পাবার সময় তারা আকুল হয়ে ফিস্ ফিস্ করে মুনাজাত জানিয়েছিল।
17
গর্ভবতী স্ত্রীলোক প্রসবের সময় যেমন ব্যথায় মোচড়ায় ও চিৎকার করে, হে মাবুদ, আমরাও তোমার সামনে তেমনই হয়েছি।
18
আমরা গর্ভবতী হয়েছি, ব্যথায় মোচড় দিয়েছি, কিন্তু আমরা জন্ম দিয়েছি বাতাসের। আমাদের দ্বারা দেশ রক্ষা পায় নি, দুনিয়ার লোকও আমাদের দ্বারা জীবন পায় নি।
19
কিন্তু তোমার মৃত বান্দারা বাঁচবে; তাদের মৃতদেহ বেঁচে উঠবে। তোমরা যারা ধুলায় বাস কর, তোমরা জাগো এবং আনন্দে চিৎকার কর। সকালের শিশির যেমন দুনিয়াকে সতেজ করে তেমনি তুমি মৃতদের জীবন দেবে।
20
হে আমার লোকেরা, তোমরা যাও, তোমাদের কামরায় ঢুকে দরজা বন্ধ কর; তোমরা নিজেদের লুকিয়ে রাখ, কারণ অল্পক্ষণ পরে তাঁর রাগ থেমে যাবে।
21
দেখ, দুনিয়ার লোকদের গুনাহের শাস্তি দেবার জন্য মাবুদ তাঁর বাসস্থান থেকে বেরিয়ে আসছেন। দুনিয়ার উপরে যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করা হবে; হত্যা করা তার লোকদের আর সে লুকিয়ে রাখবে না।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006